লিড নিউজ

সোবহানীঘাটে দুই ছাত্রলীগকর্মীকে কোপানোর ঘটনায় মামলা দায়ের

নিজস্ব প্রতিবেদক : সিলেট নগরীর সোবহানীঘাটে ছাত্রলীগের দুই কর্মীকে কুপিয়ে গুরুতর আহত করার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। মামলায় ৭ জনের নামোল্লেখ এবং আরো ৩-৪ জনকে অজ্ঞাত রাখা হয়েছে।

সোমবার দিবাগত রাত দেড়টার দিকে আহত ছাত্রলীগকর্মী আবুল কালাম আসিফের ভাই আবুল কালাম আফাজ বাদী হয়ে কোতোয়ালী থানায় মামলাটি দায়ের করেন।

মামলায় আসামি হিসেবে যাদের নামোল্লেখ করা হয়েছে, তারা হচ্ছেন- নগরীর সবুজবাগ এলাকার আক্কাছ আলী, উপশহরের এবাদুর রহমান, সোনারপাড়ার আবদুল ফাত্তাহ, উপশহরের আকিব, সাকিব, তাহমিদ ও জাবেদ।

মামলা দায়ের হলেও পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি।

মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার জেদান আল মুসা জানান, পুলিশ আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রেখেছে।

প্রসঙ্গত, সোমবার বেলা ১টার দিকে নগরীর সোবহানীঘাটে জালালাবাদ কলেজের সামনে মদন মোহন কলেজ ছাত্রলীগের কর্মী ও সিলেট সদর উপজেলার পীরপুর টুকেরবাজারের নূরুল আমিনের ছেলে শাহীন আহমদ (২২) এবং জালালাবাদ কলেজের ছাত্র উপশহরের জালাল উদ্দিনের ছেলে ছাত্রলীগকর্মী আবুল কালাম আসিফকে (১৮) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয়। গুরুতর আহত শাহীনকে সোমবার বিকেলেই ঢাকায় প্রেরণ করা হয়। শিবির ক্যাডাররা এ হামলা চালিয়েছে বলে দাবি ছাত্রলীগের।

Related Articles

Back to top button