১৬ ডিসেম্বর সিলেটের নতুন কারাগার উদ্বোধন


নিউজ ডেস্ক : অবশেষে উদ্বোধন হচ্ছে সিলেটের নতুন কারাগার। শহরতলির বাদাঘাটে ইতোমধ্যে নির্মাণ সম্পন্ন হয়েছে নতুন কারাগারটির। শুধুমাত্র অবশিষ্ট আছে স্যানিটেশন কাজের। এটি শেষ হলেই পূর্ণাঙ্গভাবে শেষ হবে সিলেটের নতুন কারাগারের নির্মাণ কাজ। এদিকে কারাগারের নির্মাণ কাজসহ সিলেটের অন্যান্য উন্নয়ন কাজ নিয়ে বৃহস্পতিবার রাজধানীতে অর্থমন্ত্রীর কার্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়। ওই সভাতে সিদ্ধান্ত নেয়া হয় আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয়ের ৪৬ বছরপূর্তির দিনে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে শহরতলির বাদাঘাটে নির্মিত নতুন সিলেট কেন্দ্রীয় কারাগারের।
গত বৃহস্পতিবার বিকাল ৪টায় সচিবালয়ের ৭নং ভবনের ৪র্থ তলায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সিলেট কেন্দ্রীয় কারাগার নির্মাণ, সিলেট জেলা সড়ক ও বিদ্যুতের উন্নয়ন প্রকল্প নিয়ে আলোচনা করা হয়।
এতে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব, গৃহায়ণ ও গণপূর্ত বিভাগের সচিব, সুরক্ষা সেবার সচিব, বিদ্যুৎ বিভাগের সচিব, অর্থ বিভাগের অতিরিক্ত সচিব জালাল আহমেদ, কারা অধিদপ্তরের কারা মহাপরিদর্শক, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর-সড়ক ও জনপথ অধিদপ্তর-গণপূর্ত অধিদপ্তর ও সিলেট সিটি করপোরোশনের প্রধান প্রকৌশলীদের উপস্থিত থাকার জন্য বলা হয়েছে।
উক্তসভায় উপস্থিত ছিলেন স্থাপত্য অধিদপ্তরের প্রধান স্থপতি, সিলেটের জেলা প্রশাসক মো. রাহাত আনোয়ার, সিলেট মহানগর পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া, স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডা. এহতেশামুল হক চৌধুরী দুলাল, সিলেট সিটি করপোরেশনের বর্তমান মেয়র আরিফুল হক চৌধুরী, সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য বদর উদ্দিন আহমদ কামরান, সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবিব, সিলেট ওসমানী হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার এ কে মাহবুবুল হক, সিলেট ওসমানী হাসপাতালের অধ্যক্ষ ডা. মুর্শেদ আহমদ চৌধুরী, সিলেট গণপূর্ত বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী, স্বাস্থ্য প্রকৌশল অধিদফতর -সড়ক ও জনপথ অধিদফতর -গণপূর্ত অধিদফতর বিদ্যৎ বিভাগ ও সিলেট জেলা পরিষদের নির্বাহী প্রকৌশলী, ঢাকা পাওয়ার গ্রিড কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক, সিলেট কেন্দ্রীয় কারাগারের নির্মাণ শীর্ষক প্রকল্প পরিচালক, সিলেট বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা উন্নয়ন প্রকল্প পরিচালক ও সিলেট কেন্দ্রীয় কারাগারের নির্মাণ শীর্ষক প্রকল্পের প্রতিনিধি, ঠিকাদারী প্রতিষ্ঠানের প্রতিনিধি। সভায় থাকা একজন সরকারী কর্মকর্তা উপরোক্ত তথ্যগুলো নিশ্চিত করেছেন।
বর্তমান কারাগারটি অনেক পুরনো। ধারণ ক্ষমতার চেয়ে বেশী কয়েদি থাকার কারণে ২০১০ সালে একনেকে ১৯৭ কোটি টাকা ব্যয়ে সিলেট কেন্দ্রীয় কারাগার নির্মাণ ও স্থানান্তর প্রকল্প অনুমোদন পেয়েছিল। এরই পরিপেক্ষিতে ২০১১ সালের আগস্ট মাসে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতকে নিয়ে কারাগারের নির্মাণ কাজের উদ্বোধন করেন। একবছর পর ২০১২ সালের জুলাই মাসে নির্মাণ কাজ। এ প্রকল্পের নির্মাণ কাজ শেষ করার কথা ছিল ২০১৫ সালের জুন মাসে। কিন্তু মন্ত্রণালয় থেকে অর্থ ছাড়ের জটিলতার কারণে ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোর আবেদনের পরিপ্রেক্ষিতে মেয়াদ ২০১৬ সালের জুলাই পর্যন্ত প্রকল্পটি শেষ করার মেয়াদ বাড়ানো হয়। কিন্তু নির্দিষ্ট মেয়াদের এক বছর পেরিয়ে গেলেও এখনও উদ্বোধন হয়নি কারাগারটি।
বাদাঘাটে নির্মানাধীন সিলেট কেন্দ্রীয় কারাগার এলাকা ঘুরে দেখা গেছে, ৩০ একর জায়গার মধ্যে মূল কারাগারের ভেতরে রয়েছে ১৪ একর ও বাইরে রয়েছে ১৬ একর জায়গা। কারাগারের বাইরের জায়গায় থাকছে কর্মকর্তা কর্মচারীদের জন্য ১৩০টি ফ্ল্যাট, ক্যান্টিন, বন্দিদের সাথে সাক্ষাতকার রুম, এডমিন অফিস, সেন্ট্রাল মসজিদ, এছাড়া স্টিল স্ট্রাকচারড ভবন আছে চারটি, একটি স্কুল। এগুলোর মধ্যে শুধুমাত্র স্কুল ছাড়া বাকিগুলোর নির্মাণকাজ সম্পূর্ণ। ভেতরের জায়গায় আছে পুরুষ হাজতি, কয়েদিদের জন্য ছয়তলা বিশিষ্ট চারটি এবং নারী হাজতি ও কয়েদিদের জন্য তিনটি চারতলা ও দুটি দু’তলা ভবন।
এ ছাড়াও কারাগারের পশ্চিম পাশে বন্দিদের আধুনিক চিকিৎসা সেবা প্রদানের জন্য ১০০ শয্যা বিশিষ্ট পাঁচতলা হাসপাতাল, ২০শয্যা বিশিষ্ট দু’তলা মানসিক হাসপাতাল, টিবি রোগীদের জন্য নির্মাণ করা হচ্ছে ২৫ শয্যা বিশিষ্ট দু’তলা টিবি হাসপাতাল।
কারাগারের চারপাশে উচু সীমানা প্রাচীর ও ভেতরে অভ্যন্তরীণ সীমানা প্রাচীরের কাজ শেষ হয়েছে। তবে বেশীর ভাগ ভবনের বাথরুমের স্যানেটারির কাজ এখনও অসম্পূর্ণ আছে। তাছাড়া কারাগারের একটি মসজিদ, ক্যান্টিন, তিনটি ওয়াচ টাওয়ার নির্মাণ ইতোমধ্যে সম্পন্ন শেষ হয়েছে।
প্রসঙ্গত, বর্তমান সিলেট কেন্দ্রীয় কারাগারটি দেশের প্রাচীনতম কারাগারগুলোর অন্যতম। ১৭৮৯ সালে ধোপাদিঘিরপার এলাকায় আসামের কালেক্টর জন উইলিয়াম প্রায় এক লাখ ভারতীয় রুপি ব্যয়ে ২৪ দশমিক ৬৭ একর জমির ওপর এ কারাগারটি নির্মাণ করেন। তৎকালীন আসাম রাজ্যের একমাত্র টিবি হাসপাতাল ছিল এ কারাগারেই। প্রশাসনিক প্রয়োজন এবং বন্দি আধিক্যের কারণে ১৯৯৭ সালে কারাগারটি কেন্দ্রীয় কারাগারে উন্নীত করা হয়। বর্তমানে বন্দি ধারণক্ষমতা ১২শ হলেও কারাগারে দ্বিগুণের বেশি বন্দি রয়েছেন।




