জৈন্তাপুরে ট্রাক-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ২


জৈন্তাপুর প্রতিনিধি : সিলেটের জৈন্তাপুরে ট্রাক-লেগুনার মুখোমুখির সংঘর্ষে ২ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো আহত হয়েছেন অন্তত ৭ জন।
শনিবার বেলা ২ টার দিকে উপজেলার সিলেট-তামাবিল সড়কের চিকনাগুল বাজার এলাকায় এ সড়ক দুর্ঘটনাটি ঘটে। নিহত লেগুনা চালক জৈন্তাপুর উপজেলার ফতেহপুর ইউনিয়নের দক্ষিণ বাগেরখাল গ্রামের মোবারক আলীর ছেলে বিলাল হোসেন(২২) ও মহিলার পরিচয় এখনো সনাক্ত করা যায়নি।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, জাফলং থেকে ছেড়ে আসা সিলেটগামী একটি ট্রাক(ঢাকা মেট্রো-ট- ১১-২৩৭০) ও সিলেট থেকে হরিপুরগামী একটি লেগুনা (সিলেট-ছ-১১-২১৯৮) মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই লেগুনার চালকের মৃত্যু হয়। এ সময় সিলেটে নেওয়ার পথে এক মহিলা যাত্রীর মৃত্যু হয়। আহত বাকীদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ভর্তি করা হয়েছে।
জৈন্তাপুর থানার সেকেন্ড অফিসার ইন্দ্রনীল ভট্টাচার্য্য ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতদের লাশ উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আহতদের চিকিৎসার জন্য ওসামানীতে ভর্তি করা হয়েছে।




