ছাত্রলীগ নেতার চাকুরির দাবিতে বিক্ষোভ, সড়ক অবরোধ


মোস্তাক আহমেদ মনির, সরিষাবাড়ী (জামালপুর) থেকে : জামালপুরের সরিষাবাড়ী পৌরসভায় মেয়রের কার্যালয়ে হামলা চালিয়েছে ছাত্রলীগ নেতাকর্মীরা। রোববার দুপুরে ছাত্রলীগ নেতার চাকুরির দাবিতে পৌরসভায় গিয়ে এ কান্ড ঘটায় তারা। এ সময় ছাত্রলীগ নেতাকর্মীরা মেয়রকে লাঞ্ছিত, সড়ক অবরোধ ও অগ্নিসংযোগ করে।
প্রত্যক্ষদর্শী ও পৌরসভা সুত্র জানায়, জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক প্রভাষক খোরশেদ আলম ও ছাত্রলীগের নেতাকর্মীরা দুপুরে পৌরসভায় গিয়ে মুক্তিযোদ্ধা কোঠায় পৌর ছাত্রলীগের সভাপতি শিহাব উদ্দিনকে কম্পিউটার অপারেটর পদে নিয়োগের দাবি জানায়। পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি রুকুনুজ্জামান রোকন এ সময় পরীক্ষায় উত্তীর্ণ হলে বিধি মোতাবেক নিয়োগ দেওয়া হবে বলে জানালে জেলা পরিষদ সদস্য খোরশেদ আলমসহ ছাত্রলীগ নেতাকর্মীরা ক্ষিপ্ত হয়ে ওঠে। পরে ছাত্রলীগ নেতাকর্মীরা প্রধান সড়কে গিয়ে পৌরসভার মোড় অবরোধ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটায় এতে প্রায় দুই ঘন্টা যান চলাচল বন্ধ থাকার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

জেলা পরিষদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক প্রভাষক খোরশেদ আলম জানান, ‘মুক্তিযোদ্ধা কোটা ও বিধি অমান্য করে পৌর মেয়র টাকার বিনিময়ে ৫টি পদে জামাত-বিএনপিপন্থীদের চাকুরি দিয়েছে। মুক্তিযোদ্ধা কোঠায় পৌর ছাত্রলীগের সভাপতি শিহাব উদ্দিনের চাকুরি ও জামাত-বিএনপিপন্থীদের বাদ দিতে ছাত্রলীগ নেতাকর্মীরা পৌরসভায় যায়। মেয়র ছাত্রলীগের দাবি অগ্রাহ্য করা ক্ষিপ্ত হয়ে সবাই বিক্ষোভ করে। তবে মেয়রকে লাঞ্ছিত, চাঁদা দাবি বা হামলার ঘটনা সত্য নয়।
পৌর মেয়র রুকুনুজ্জামান রোকন অভিযোগ করেন, ‘প্রভাষক খোরশেদ আলম তার কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি ও পৌর ছাত্রলীগ সভাপতিকে বিধি বর্হিভূতভাবে চাকুরি দিতে বলে। এ সব অযৌক্তিক দাবি না মানায় তার নেতৃত্বে ছাত্রলীগের সন্ত্রাসীরা পৌরসভায় অতর্কিত হামলা চালায় এবং রাস্তা অবরোধ করে বিশৃঙ্খলার সৃষ্টি করে।’
ওসি রেজাউল ইসলাম খান বলেন, ‘সড়ক অবরোধ ও অগ্নিসংযোগের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।’




