লিড নিউজ

মৌলভীবাজারের দুটি জঙ্গি আস্তানার পরিদর্শন সিআইডির

নিউজ ডেস্ক: মৌলভীবাজারের নাসিরপুর ও বড়হাটের দুটি জঙ্গি আস্তানা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি দল পরিদর্শন করেছে ।

শনিবার (১৫ জুলাই) দুপুরে দলটি আস্তানা দুটি পরিদর্শন করে। জেলার সিআইডির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছালেক এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘জঙ্গি আস্থানা দুইটিতে যারা মারা গেছে, তাদের কয়েকজনের পরিচয় এখনও জানা যায়নি। এ বিষয়টি তদন্ত করা হচ্ছে। পাশাপাশি, নিহত জঙ্গিদের সঙ্গে আর কারা জড়িত আছে এবং কারা এ বাড়ি দুইটিতে আসা-যাওয়া করতো, এসব জিজ্ঞাসার জবাব উদঘাটনে তদন্ত চলছে। তিনি আরও বলেন, ‘বাড়ি দুটি আমাদের নিয়ন্ত্রণে আছে। এখনও এখানে পুলিশি পাহারা রয়েছে।’

সিআইডি সূত্রে জানা গেছে, গত ৯ জুলাই নাসিরপুর ও বড়হাটের জঙ্গি আস্তানার মামলা দুটি সিআইডিতে হন্তান্তর করা হয়। মামলা দুইটি দায়িত্ব গ্রহণের পর  (শনিবার) দুপুরে জঙ্গি আস্তানা দুটি পরিদর্শনে যায় সিআইডির এ দলটি। জঙ্গি আস্তানা দুটি পরিদর্শনকালে উপস্থিত ছিলেন- সিআইডি সিলেট বিভাগের বিশেষ পুলিশ সুপার মো. মোস্তফা কামাল, মৌলভীবাজার সিআইডির ওসি আব্দুস ছালেকসহ তদন্ত টিমের সদস্যরা। এসময় তারা পুলিশ হেফাজতে থাকা বাড়ি দুটির বিভিন্ন কক্ষ ঘুরে দেখেন এবং স্থানীয়দের সঙ্গে কথা বলেন।

প্রসঙ্গত, ২৯ মার্চ রাত থেকে বড়হাট ও নাসিরপুর জঙ্গি আস্তানা দুটি ঘিরে রাখে পুলিশ ও র‌্যাব। নাসিরপুরে সোয়াট টিমের প্রধান মনিরুল ইসলামের নেতৃত্বে ‘অপারেশন হিটব্যাক’ পরিচালনা করা হয়। অপারেশন চলাকালে আত্মঘাতী বোমার বিস্ফোরণ ঘটিয়ে ওই আস্তানায় শিশুসহ সাতজন নিহত হয়। নাসিরপুর অপারেশন হিটব্যাক চলাকালে মৌলভীবাজার পৌরসভার বড়হাট জঙ্গি আস্তানা ঘিরে রাখে পুলিশ ও র‌্যাব।  পরে বড়হাটের জঙ্গি আস্তানায় অভিযানে নামে সোয়াট টিম। অভিযানের নাম দেওয়া হয় ‘অপারেশন ম্যাক্সিমাস’। এতে নিহত হয় নারীসহ তিন জঙ্গি।

Related Articles

Back to top button