ট্রাফিক পুলিশকে ভর্ৎসনা করে লাইভ,সেই ফয়ছল কাদির গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি।। সিলেটে শহরতলীর সুরমা গেট এলাকায় সড়ক পরিবহন আইন অমান্য করায় মোটরসাইকেল আটকের পর ট্রাফিক সার্জেন্টকে হুমকি-ধামকি দিয়ে ফেসবুক পেইজে লাইভের মাধ্যমে ভাইরাল হওয়া সেই সাংবাদিক পরিচয়ধারী ফয়ছল কাদিরকে গ্রেপ্তার করেছে র্যাব-৯।
মঙ্গলবার মধ্যরাতে সিলেট সদর উপজেলার পীরের বাজার থেকে তাকে গ্রেপ্তহার করা হয় বলে জানান র্যাব-৯ এর এসএসপি সামিউল আলম।
এর আগে রোববার (১১ জুলাই) রাতে ডিজিটাল নিরাপত্তা আইনে সার্জেন্ট মো. নুরুল আফসার ভূইয়া বাদি হয়ে ফয়ছল কাদির (৪০) নামে ওই ভুয়া সাংবাদিকের বিরুদ্ধে শাহপরাণ থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং- ০৫, তাং- ১১/০৭/২০২১খ্রি.।
মামলায় ফয়ছল কাদিরের বিরুদ্ধে ফেসবুকে বিভিন্ন মিথ্যা তথ্য সরাসরি প্রচার করে অস্থিরতা, বিশৃঙ্খলা সৃষ্টি ও আইন-শৃঙ্খলার অবনতি ঘটানোর অভিযোগ আনেন মামলার বাদি পুলিশ কর্মকর্তা নুরুল আফসার ভূইয়া ।
উল্লেখ্য, গেল ৯ জুলাই সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সুরমা গেট এলাকায় সার্জেন্ট মো. নুরুল আফসার ভূইয়া চেকপোস্ট ডিউটি করাকালে সিলেট শহরমুখী হেলমেটবিহীন ৩ জন আরোহীসহ একটি রেজিষ্ট্রেশনবিহীন মোটরসাইকেলকে সিগন্যাল দিয়ে থামান। এসময় মোটরবাইক চালক ফয়ছল কাদিরের কাছে গাড়ির কাগজপত্র এবং হেলমেটবিহীন মোটরসাইকেলে আরোহন করার কারণ জানতে চাইলে সে কোনকিছুই প্রদর্শন করতে পারে নি। এসময় সে নিজেকে সাংবাদিক পরিচয় দেয়।




