লিড নিউজ

দুর্গতদের মাঝে ফ্রি মেডিকেল ক্যাম্পেইনের জন্য ঔষধসামগ্রী প্রদান

আহমেদ বকুল : ‘বিবেক জেগে উঠুক মানবতার ডাকে’ স্লোগানকে সামনে রেখে সিলেট মিডিয়া সুনামগঞ্জ জেলার বন্যাদুর্গত ধরমপাশার মধ্যনগরে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন পরিচালনার জন্য আজ বিকেলে হাওরএলাকার সাংস্কৃতিক সংগঠন হাওরপারের ধামাইল বাংলাদেশ-এর কর্মীদের হাতে প্রথমধাপে ঔষধসামগ্রী প্রদান করে।

বন্যাদুর্গত অঞ্চলে ব্যাপকভিত্তিক মেডিকেল ক্যাম্পেইনের প্রয়োজনীয়তা রয়েছে। বিভিন্ন রোগব্যাধিতে আক্রান্ত মানুষের সেবায় এগিয়ে আসার জন্য সকলের এগিয়ে আসা উচিত। মানবতার ডাকে সাড়া দিয়ে এই দুর্যোগ মোকাবেলায় যারা অবদান রাখবেন তাদের প্রতিদান প্রকৃতিই প্রদান করবে। ঔষধসামগ্রী প্রদানকালে সিলেট মিডিয়ার সভাপতি আহমেদ বকুল একথা বলেন। তিনি কয়েকটি ধাপে সিলেট মিডিয়ার পক্ষ থেকে ঔষধসামগ্রী এবং সুবিধাবঞ্চিত ছাত্র-ছাত্রীদের মধ্যে শিক্ষাউপকরণ প্রদান করার প্রত্যয় ব্যক্ত করেন।

বক্তব্য রাখেন সিলেট মিডিয়ার অন্যতম কর্মকর্তা তাহমিনা রোজী, বাউল শাহ আবদুল করিমের পুত্র শাহ নূর জালাল, হাওরপারের ধামাইল বাংলাদেশের সভাপতি সজল কান্তি সরকার। এসময় উপস্থিত ছিলেন কবি মাশূক ইবনে আনিস, লোকসঙ্গীতশিল্পী লাল শাহ, কবি মুহিবুর রাহমান মজনু, কবি ও সাংবাদিক মেকদাদ মেঘ, সালেহ আহমদ কর্নেল, অসীম সরকার, কংকন কান্তি চৌধুরী, সুমন সরকার, মুমিন আহমেদ, মিডিয়ার দুর্যোগ ও ত্রাণবিষয়ক সম্পাদক বিমান তালুকদার, সংস্কৃতিকর্মী তাহুরা আহমদ মীম।

প্রদানকৃত ঔষধসামগ্রীর মধ্যে ওরস্যালাইন, মেট্রোনিডাজল ট্যাবলেট, প্যারাসিটামল ট্যাবলেট, প্যারাসিটামল সিরাপ, এ্যামোক্সাসিলিন সিরাপ, রেনিটিডিন ট্যাবলেট, এ্যামোক্সাসিলিন ক্যাপসুল, হিস্টাসিন ট্যাবলেট, পানিবিশুদ্ধকরণ বড়ি রয়েছে।

 

Related Articles

Back to top button