বিয়ানীবাজারে দু পক্ষের সংঘর্ষে নিহত মিন্টু’র জানাযা অনুষ্ঠিত, গ্রেফতার ১


আহমদ রেজা চৌধুরী: বিয়ানীবাজার উপজেলার মুল্লাপুর ইউনিয়নের পাতন (পুন্নাপাড়া) গ্রামে দু পক্ষের সংঘর্ষে নিহত হাজী ছওয়াব আলীর ছেলে মুহিতুর রহমান মিন্টু (৫৫) এর জানাযা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার রাত সাড়ে ১০ টায় পাতন গ্রামের লাখাইটোক গোরস্থান মাঠে এ জানাযা অনুষ্ঠিত হয়। এদিকে মিন্টু হত্যা মামলায় একজনকে আটক করেছে পুলিশ।
জানা যায়, মুল্লাপুরের পাতন গ্রামে পূর্ব শত্রুতার জেড় ধরে রবিবার তারাবীর নামাজের পর মসজিদের বাল্ব লাগানোকে কেন্দ্র করে এক পর্যায়ে রেজা ও তার সমর্থক এবং নোমান ও তার সমর্থক এ দু পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে মুহিতুর রহমানসহ দু পক্ষের প্রায় ৩০জন আহত হন। স্থানীয়রা তাদের বিয়ানীবাজার স্বাস্থ্য কমপ্লেস্কে নিয়ে যায় এবং আশংকাজনকদের সিলেট প্রেরণ করা হয়। সিলেটে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোর রাতে মিন্টু মারা যান। নিহত মিন্টু’র ভাই আসুক আহমদ সোমবার সকালে বিয়ানীবাজার থানায় বাদী হয়ে ১২ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেছেন। মামলানুযায়ী পুলিশ ৯নং আসামী তারেক আহমদকে গ্রেফতার করেছে।
নিহত মিন্টু’র জানাযায় এলাকার বিভিন্ন পেশাজীবীর মানুষ অংশগ্রহণ করেন।
মৃত্যুকালে মিন্টু পাঁচ বছরের এক ছেলে ও দুই বছরের এক মেয়েকে রেখে যান। তার জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়।




