লিড নিউজ

সাংবাদিক শিমুল হত্যা: মেয়র মীরু বরখাস্ত

মিডিয়া ডেস্ক : সিরাজগঞ্জের শাহজাদপুরে সাংবাদিক আব্দুল হাকিম শিমুল হত্যা মামলায় আদালতে অভিযোগপত্র গৃহীত হওয়ায় কারাবন্দী জেলা আওয়ামী লীগের বহিস্কৃত সাংগঠনিক সম্পাদক হালিমুল হক মীরুকে পৌর মেয়রের পদ থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই অভিযোগে পৌরসভার ৭নং ওয়ার্ডের কাউন্সিলর আব্দুর রাজ্জাককেও সাময়িক বহিষ্কার করা হয়।

সোমবার বিকেলে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপসচিব আব্দুর রউফ মিয়া স্বাক্ষরিত একটি পত্রে এ বহিষ্কারাদেশ দেয়া হয়।

সিরাজগঞ্জ স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক আবু নূর মোহাম্মদ শামছুজ্জামান বিকেল চারটার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, “দুপুর ২টার দিকে আমরা বহিষ্কারের চিঠি হাতে পেয়েছি।”

চিঠিতে বলা হয়েছে, সাংবাদিক শিমুল হত্যা মামলায় মেয়র মীরু ও কাউন্সিলর রাজ্জাকের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র গৃহীত হওয়ায় স্থানীয় সরকার (পৌরসভা) আইন ২০০৯-এ ৩১-এর ১ ধারা মোতাবেক তাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে।

উল্লেখ্য, চলতি বছরের ২ ফেব্রুয়ারি মেয়র মীরু ও তার দুই ভাইয়ের সঙ্গে স্থানীয় আওয়ামী লীগের একাংশের সংঘর্ষ বাধে। এ সময় পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে মিরু ও তার ভাইয়ের শটগানের গুলিতে সমকালের শাহজাদপুর প্রতিনিধি আব্দুল হাকিম শিমুল মাথায় গুলিবিদ্ধ হন। আহত অবস্থায় উদ্ধারের পর বগুড়া শজিমেক হাসপাতাল থেকে পরদিন ঢাকায় নেয়ার পথে দুপুরে মারা যান তিনি। এ ঘটনায় ওই দিন রাতেই শিমুলের স্ত্রী নুরুন্নাহার বেগম বাদী হয়ে মেয়র মীরু ও তার ভাই মিন্টুসহ ১৮ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ২৫ জনকে আসামি করে থানায় মামলা করেন।

মামলার তদন্ত শেষে গত ২ মে বিকেলে মেয়র মীরুসহ ৩৮ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেয় পুলিশ। ১৩ জুন শুনানি শেষে চার্জশিট গ্রহণ করে নথিভুক্ত করেন শাহজাদপুর আমলী আদালত।

Related Articles

Back to top button