লিড নিউজ

সুনামগঞ্জে ১জনকে সমর্থন দিয়ে ২প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

ডেস্ক রিপোর্ট : সুরঞ্জিত সেনগুপ্তের মৃত্যুতে শূণ্য হওয়া সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ড. জয়া সেনগুপ্তকে সমর্থন জানিয়ে মনোনয়নপত্র প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন জাতীয় পার্টি ও জাসদের প্রার্থী।

সোমবার সকাল সাড়ে ১১টায় সিলেট জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক মতবিনিময় সভায় এ ঘোষণা দেয়া হয়।

সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট লুৎফুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ।

সিলেটে আয়োজিত সভায় জয়া সেনকে সমর্থন দিয়ে মনোনয়ন প্রত্যাহারের ঘোষনা দেন জাতীয় পার্টির প্রার্থী এডভোকেট শেখ জাহির আলী। এসময় টেলিফোনে মনোনয়নপত্র প্রত্যাহারের কথা জানান জাসদ (ইনু) এর প্রার্থী আমিনুল ইসলাম। এছাড়া তিনি দিরাইয়ে অপর এক সভায় প্রার্থীতা প্রত্যাহারের আনুষ্ঠানিক ঘোষণা দেন।

সিলেটে আয়োজিত মতবিনিময় সভায় এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ বলেন- সুরঞ্জিত সেনগুপ্ত ছিলেন বাংলাদেশের রাজনীতির অহংকার। তার মৃত্যুতে সুনামগঞ্জসহ গোটা দেশের মানুষ শোকাহত। তার মৃত্যুতে শূণ্য হওয়া সুনামগঞ্জ-২ আসনের উপ নির্বাচনে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা প্রয়াত এ নেতার সহধর্মিণীকে দলীয় মনোনয়ন দিয়েছেন। সুরঞ্জিত সেনগুপ্তের প্রতি শ্রদ্ধা ও আওয়ামী লীগ এবং মহাজোট নেত্রী শেখ হাসিনার প্রতি সম্মান জানিয়ে সকল দলের প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন।

প্রসঙ্গত, আগামী ৩০ মার্চ সুনামগঞ্জ-২ আসনে উপ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ দুই প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করায় নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ফায়েজ আলী মাহবুব হোসেনের সাথে লড়তে হবে আওয়ামী লীগ প্রার্থী জয়া সেনগুপ্তকে।

Related Articles

Back to top button