রাজনগরে সড়ক দুর্ঘটনায় ঢাকা জজকোর্টের আইনজীবী নিহত


মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের রাজনগরে গাছের সাথে ধাক্কা লেগে প্রাণ হারিয়েছেন ঢাকা জজকোর্টের আইনজীবী হাবিবুর রহমান জুয়েল (৪৭)। এ ঘটনায় ব্রুনাই প্রবাসী এমরান উদ্দিন-(৩৫), তাজ উদ্দিন (৪০) ও তাদের গাড়ি চালক কাঞ্চন (৪৫) আহত হয়েছেন।
শুক্রবার সকাল সাড়ে ৬টায় রাজনগর উপজেলার উত্তরভাগ ইউনিয়নের রাজনগর ফেঞ্চুগঞ্জ সিলেট সড়কের ছোয়াব আলী বাজার নামক স্থানের মোড়ে রাস্তার পাশের গাছের সাথে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা জজকোর্টের আইনজীবি ব্রুনাই প্রবাসী চাচাতো ভাই এমরানকে নিয়ে ঢাকা থেকে প্রাইভেট কারযোগে ফেঞ্চুগঞ্জ উপজেলার বেলকোনা গ্রামের বাড়ি যাচ্ছিলেন। এ সময় ( ঢাকা-মেট্রো- গ- ১১-১৯৬০) প্রাইভেট কারটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি বড় গাছের সাথে ধাক্কা খায়। মারাত্মক আহত হন আইনজীবি হাবিবুর রহমান জুয়েল (৪৫) সহ তাদের সাথে থাকা তিন জন।
পুলিশ ও এলাকাবাসী তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য দ্রুত সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। আহত এমরান উদ্দিন ও তাজউদ্দিন ফেঞ্চুগঞ্জ উপজেলার ভেলকোনা গ্রামের সুরুজ আলীর ছেলে। গাড়ি চালক কাঞ্চন নেত্রকোনা জেলার আটতারা উপজেলার বটতলী গ্রামের আব্দুল জব্বারের ছেলে।
রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শ্যামল বনিক বলেন, গাড়িটি নিয়ন্ত্রণ হারালে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনা কবলিত গাড়িটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।




