‘শিশুদের বুদ্ধির বিকাশে পরিবার ও শিক্ষা প্রতিষ্ঠানকে ভূমিকা রাখতে হবে’


সিলেট মিডিয়া : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. আমিনুল হক ভূইয়া বলেছেন, শিশুদের শারীরিক ও মানসিক বুদ্ধির বিকাশে পরিবার ও শিক্ষা প্রতিষ্ঠানকে অগ্রণী ভূমিকা রাখতে হবে। আগামীর উন্নত বাংলাদেশ গড়ার কর্ণধার শিশুদের নিজের ইচ্ছা, প্রভাব ও স্বপ্ন চাপিয়ে দেয়া যাবে না। ছোট বেলায় শিশুদের বুদ্ধির বিকাশ করে এমন ভাবে গড়ে তুলতে হবে, যেন শিশুরা নিজেরাই বড় হওয়ার স্বপ্ন দেখে। তিনি বলেন, বিজ্ঞানভিত্তিক পদ্ধতিতে শিশুদের সার্বিকভাবে স্বয়ংসম্পূর্ণ হয়ে বেড়ে ওঠার ক্ষেত্রে ভূমিকা রাখছে সিলেটের আলোহা। আলোহায় ভালোবাসা, শান্তি ও আত্মনির্ভরশীলতা এই ৩টির মাধ্যমে শিক্ষার্থীদের এমন ভাবে গড়ে তোলা হচ্ছে, যার ফলে শিশুদের স্মরণশক্তি, সৃজনশীলতা, আত্মনির্ভরশীলতা, মনোযোগ, গতি ও নির্ভুলতা, উপস্থিত বুদ্ধি, উপস্থাপনা ও প্রতিভা বৃদ্ধি পাবে। গণিত ও ইংরেজিসহ বিভিন্ন বিষয়ে বাল্য বয়সেই দক্ষ করে গড়ে তুলতে হবে। তিনি ইগনাইট কলেজ ও আলোহা সিলেট সেন্টারের প্রতিষ্ঠাতা ও শাহজালাল বিশ^বিদ্যালয়ের ব্যবসা প্রশাসন বিভাগের অধ্যাপক ড. মোছাদ্দেক আহমদ চৌধুরীর শিক্ষা বিস্তারে কার্যক্রমের প্রশংসা করেন। তিনি গতকাল শনিবার দুপুরে আর্ন্তজাতিক শিশু মেধা বিকাশ কেন্দ্র আলোহা সিলেট সেন্টারের ক্রিয়েটিভ এ্যাওয়ার্ডিং অনুষ্ঠানে শিক্ষা প্রশিক্ষণ কোর্সের সার্টিফিকেট অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
ইগনাইট কলেজের অধ্যক্ষ মোহাইমন আরিফের সভাপতিত্বে ও প্রভাষক তানজিনা মোস্তফার সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন ইগনাইট এডুকেশন এন্ড ইনস্টিটিউট অব রিসার্চ এন্ড কিয়েটিভ লার্নিংয়ের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ও শাহজালাল বিশ^বিদ্যালয়ের ব্যবসা প্রশাসন বিভাগের অধ্যাপক ড. মোছাদ্দেক আহমদ চৌধুরী। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ আবু তাহের। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন শাবি ভিসির সহধর্মীনী আছমা আক্তার, চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের প্রফেসর ড. জহুরুল আলম, শাবির অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক সাবিহা আফরিন, শাবির প্রশাসনিক কর্মকর্তা কবির উদ্দিন, মতিউর রহমান ওয়েলফেয়ার ট্রাস্টের প্রতিষ্ঠাতা সমাজসেবী মতিউর রহমান, এডভোকেট মোশতাক আহমদ চৌধুরী, অভিভাবক মুসা রেজা চৌধুরী, আশফাক আহমদ চৌধুরী, সিলেট গ্যাস ফিল্ডের ম্যানেজার হেলাল উদ্দিন, শাবির সহকারী প্রশাসিনক কর্মকর্তা আফরোজ সুলতানা, সিলেট সরকারি কলেজের সহকারী অধ্যাপক হালিমা আক্তার, সিটি কাউন্সিলর দিলওয়ার হোসাইন সজিব ও প্রাইম ব্যাংকের সিনিয়র অফিসার মাহহমুদুর রহমান প্রমুখ। পরে কোর্স সম্পন্নকারী শিশুদের মাঝে সনদপত্র বিতরণ করেন শাবির ভিসি প্রফেসর ড. মো. আমিনুল হক ভূইয়াসহ অতিথিবৃন্দ। অনুষ্ঠানে বক্তারা বলেন, অধ্যাপক ড. মোছাদ্দেক আহমদ চৌধুরী শিক্ষার জন্য নিবেদিত প্রাণ। তিনি আর্ন্তজাতিক শিশু বিকাশ কেন্দ্র সিলেটে স্থাপনের মাধ্যমে সিলেটের শিশুদের মেধা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। বিজ্ঞপ্তি




