লিড নিউজ

আজ একুশে ফেব্রুয়ারি: সেদিন যা ঘটেছিল

নিজস্ব প্রতিবেদক : আজ মহান একুশে ফেব্রুয়ারি। বাংলাদেশের ইতিহাসের একটি গৌরবোজ্জ্বল একটি দিন। ১৯৫২ সালের এই দিনে (৮ ফাল্গুন, ১৩৫৮) বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করার দাবিতে আন্দোলনরত ছাত্রদের ওপর পুলিশের গুলিবর্ষণে কয়েকজন তরুণ শহীদ হন। তাই এ দিনটি শহীদ দিবস হিসেবে পালন করা হয়। জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা (ইউনেস্কো) ১৯৯৯ সালে মহান একুশের প্রতি শ্রদ্ধা জানিয়ে বাংলাকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি দেয়ার পর থেকে এই দিবসটি আন্তর্জাতিক পর্যায়েও নিয়মিত পালিত হচ্ছে।

বিশ্বে এ যাবতকালে একমাত্র বাঙালি জাতিই ভাষার জন্য জীবন দিয়েছে। ভাষার জন্য জীবন দেয়ার এমন নজির পৃথিবীর আর কোথাও নেই।

যা ঘটেছিল সেদিন:

১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারি সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ১৪৪ ধারা ভঙ্গ করে রাজপথে বেরিয়ে এলে পুলিশ তাদের ওপর গুলি চালায়। এতে আবুল বরকত, আবদুল জব্বার, আবদুস সালাম, রফিক উদ্দিন আহমেদসহ কয়েকজন ছাত্র-যুবক হতাহত হন। শহীদদের রক্তে রঞ্জিত হয়ে ওঠে রাজপথ। শোকাবহ এ ঘটনার প্রতিবাদে পুরো পূর্ব পাকিস্তানে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে। ছাত্রদের পাশাপাশি সাধারণ মানুষ প্রতিবাদ জানাতে বেরিয়ে আসে রাস্তায়।

এর আগে ছাত্রদের আন্দোলনের পাশাপাশি পূর্ব বঙ্গের আইন পরিষদের সদস্যরা ভাষা সম্পর্কে সাধারণ জনগণের মতামতকে বিবেচনা করার আহ্বান জানান। ওই দিন সকাল ৯টায় অনুষ্ঠিত আইন পরিষদের সদস্যদের সভাস্থল ঘিরে রাখে পুলিশ।

এর ২ ঘণ্টা পর ছাত্ররা পুলিশের প্রতিবন্ধকতা ভেঙে ছাত্ররা রাস্তায় নামার প্রস্তুতি নিলে তাদের সতর্ক করতে পুলিশ কাঁদানে গ্যাস ছোড়ে। এসময় কিছু ছাত্র বের হতে পারলেও অনেকে পুলিশ দ্বারা অবরুদ্ধ হয়ে পড়ে। তৎকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পুলিশকে কাঁদানে গ্যাস নিক্ষেপ বন্ধ করতে অনুরোধ জানালেও পুলিশ তা করেনি। ছাত্ররা ঢাবি ক্যাম্পাস ত্যাগ করার সময় কয়েকজনকে ১৪৪ ধারা ভঙ্গের অভিযোগে পুলিশ গ্রেপ্তার করে। ছাত্রদের গ্রেফতারের পর ছড়িয়ে পড়ে সহিংসতা।

Related Articles

Back to top button