লিড নিউজ

গোলাপগঞ্জে দুপক্ষের সংঘর্ষ

গোলাপগঞ্জ প্রতিনিধি : গোলাপগঞ্জে টিকরবাড়ি এলাকাবাসী ও অটোরিকশা চালকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। অটোরিকশা রাখাকে কেন্দ্র করে এ সংঘর্ষের সূত্রপাত হয়। সংঘর্ষে অন্তত ১৫জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এসময় ১০টি অটোরিক্সাও ভাংচুর করা হয়।

শুক্রবার দুপুর ২ টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থাণীয় সূত্রে জানা যায়, গোলাপগঞ্জের চোমূহনীস্থ বিলাস বিতান নামের একটি দোকানের সামনে অটোরিকশা স্ট্যান্ড বানিয়ে লোকজন উঠানামা করানোকে কেন্দ্র করে এ ঘটনার শুরু হয়। দীর্ঘদিন ধরে ওই দোকানের মালিক ও অটোরিকশা চালকদের মধ্যে বিরোধ চলে আসছিলো।

শুক্রবার জুম্মা নামাজের পর ওই দোকানের একজন কর্মচারী অটোরিকশা চালকদের তাদের অটোরিকশা সরিয়ে নিতে বললে অটোরিকশা চালকরা ক্ষিপ্ত হয়ে উঠলে তাদের মধ্যে বাকবিতণ্ডা চলে। এ ঘটনায় অন্য সিএনজি অটো রিকশা চালকেরাও যোগ দিয়ে দোকানটি ভাংচুর করে ও ওই কর্মচারীকে মারধর করে বলে অভিযোগ।

ভাংচুর ও মারধরের খবর পেয়ে দোকানের মালিকের গ্রাম টিকরবাড়ির লোকজন এসে গোলাপগঞ্জস্থ সিএনজি অটোরিকশা স্ট্যান্ডে থাকা কমপক্ষে ১০টি অটোরিকশা ভাংচুর করে। এরপর গ্রামবাসী ও অটোরিকশা চালকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ চলে।

গোলাপগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Related Articles

Back to top button