ওসমানীনগরে বিনা প্রতিদ্বন্ধিতায় জয়ী হচ্ছেন গয়াস


ওসমানীনগর প্রতিনিধি : নবগঠিত ওসমানীনগর উপজেলা পরিষদে প্রথমবারের মতো হতে যাওয়া নির্বাচনে বিনা প্রতিদ্বন্ধিতায় ভাইস চেয়ারম্যান পদে জয়ী হতে যাচ্ছেন বিএনপি মনোনিত একক প্রার্থী মোঃ গয়াস মিয়া।
নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে আওয়ামীলীগ নেতা ফেরদৌস খান, যুবলীগ নেতা দিলদার আলী, জাপা নেতা জাবের আহমদ চৌধুরী এবং বিএনপি নেতা গয়াস মিয়া মনোনয়নপত্র দাখিল করেছিলেন। বাছাই কালে বিভিন্ন কারণে গয়াস মিয়া ছাড়া অপর তিন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়ে যায়।
নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে জেলা আওয়ামীলীগের উপ-দপ্তর সম্পাদক আখতারুজ্জামান চৌধুরী জগলুকে মনোনয়ন দিয়েছিল আওয়ামীলীগ। কিন্তু তিনি ভাইস চেয়ারম্যানের মনোনয়ন প্রত্যাখান করে চেয়ারম্যান পদে বিদ্রোহী হয়ে লড়ছেন। এতে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী দিতে পারেনি আওয়ামীলীগ।
এদিকে শুক্রবার মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন বিকেলে চারটা পর্যন্ত কোন প্রার্থী তাদের মনোনয়ন প্রত্যাহার করেনি।
আগামী ৬ মার্চের নির্বাচনে চেয়ারম্যান পদে ৪ জন এবং সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী ভোটের লড়াই করবেন। নতুন এই উপজেলার নির্বাচনে চেয়ারম্যান পদে পাঁচজন, ভাইস চেয়ারম্যান পদে চারজন ও সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে চারজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন।
বাছাইকালে দুই চেয়ারম্যান, তিন ভাইস চেয়ারম্যান ও দুই সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন বাতিল হয়ে যায়। পরবর্তীতে আপিল বোর্ডে কাছে আবেদন করে আওয়ামীলীগের চেয়ারম্যান প্রার্থী ও স্বতন্ত্র দুই মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নপত্র বৈধতা পায়।
ভাইস চেয়ারম্যান প্রার্থী গয়াস মিয়া বলেন, কর্তৃপক্ষ আমাকে একক প্রার্থী হিসেবে আনুষ্ঠানিক ঘোষণা করেছেন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা আবু লায়েশ বলেন, উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে একক প্রার্থী রয়েছেন যার কোন প্রতিদ্বন্ধি নাই। সে হিসেবে তিনি বিনা প্রতিদ্বন্ধিতায় জয়ী হতে যাচ্ছেন।
এদিকে, শনিবার নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতিক বরাদ্দ করছেন রিটানিং অফিসার। চেয়ারম্যান পদে আওয়ামেলীগের দলীয় প্রতিক নৌকা পেয়েছেন আতাউর রহমান, আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী আখতারুজ্জামান চৌধুরী জগলু পেয়েছেন ঘোড়া প্রতিক। বিএনপি থেকে দলীয় প্রার্থী ময়নুল হক চৌধুরী পেয়েছেন দলীয় প্রতিক ধানের শীষ। জাতীয় পার্টি থেকে দলীয় প্রতিক লাঙ্গল পেয়েছেন শিব্বির আহমদ। ভাইস চেয়ারম্যান পদে বিএনপির দলীয় প্রার্থী গয়াছ মিয়া পেয়েছেন দলীয় প্রতিক ধানের শীষ।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে আওয়ামেলীগের দলীয় প্রতিক নৌকা পেয়েছেন মুক্তা পারভিন। বিএনপির দলীয় প্রতিক ধানের শীষ পেয়েছেন মুসলিমা আক্তার চৌধুরী। সতন্ত্র প্রার্থী হোসনা বেগম পেয়েছেন কলস প্রতিক।




