আল আমীন জামেয়ার ৩৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত


সিলেট মিডিয়া: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের রসায়ন বিভাগের প্রফেসর ড. আহমদ জালাল ফরিদ সামাদ বলেছেন, শিক্ষার্থীদের সুশৃংখল ও পরিচ্ছন্ন জীবন যাপন করতে হবে। প্রতিযোগিতার মাধ্যমে মননশীলতা ও সৃজনশীলতা সৃষ্টি হয়। নৈতিককতা বিবর্জিত শিক্ষা মানুষকে সফল করতে পারে কিন্তু নৈতিকতা না থাকলে এই শিক্ষা স্বার্থক হয় না। নৈতিকতার অভাবে বর্তমানে শিক্ষার্থীরাও নানা অপরাধে জড়িয়ে পড়ছে। পড়াশুনার পাশাপাশি নৈতিক শিক্ষায় বলীয়ান হয়ে একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। সুশিক্ষার আলোয় আলোকিত হলে সমাজ থেকে অপরাধ কমে আসবে।
তিনি গতকাল শনিবার দুপুরে সিলেট শহরতলীর ইসলামপুরস্থ আল আমীন জামেয়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের ৩৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা, সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও হিফজুল কোরআন বোর্ডে প্রথম স্থানসহ সাফল্য অর্জনকারী হাফিজদের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি আরো বলেন, ৩৪ বছর ধরে সিলেটে শিক্ষার আলো ছড়াচ্ছে আল আমীন জামেয়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয়। এই বিদ্যালয় থেকে অনেক সুশিক্ষিত ও আলোকিত মানুষ বের হচ্ছে। জাতিকে সুশিক্ষিত করার এই প্রয়াসের সাথে শুরু থেকে যারা জড়িত ছিলেন, তারা চির অম্লান হয়ে থাকবেন।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মুহাম্মদ আব্দুস শাকুরের সভাপতিত্বে ও সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ শামীম আহমদের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য ও শাবির রসায়ন বিভাগের প্রফেসর ড. ইকবাল আহমদ সিদ্দিকী। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ জসীম উদ্দিন। শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন ১০ম শ্রেণির ছাত্র তাওহিদুল ইসলাম। হামদ পরিবেশন করেন ৯ম শ্রেণির ছাত্র সাকিল কাওসার। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আল আমীন জামেয়ার সাবেক প্রধান শিক্ষক মাহবুবুর রহমান সিদ্দিকী, জহিরিয়া এমইউ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল আমিন, বিদ্যালয়ের ক্রীড়া কমিটির আহবায়ক মো. আব্দুল জলিল, সৈয়দ বখতিয়ার আহমদ, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য নাসির উদ্দিন চৌধুরী, প্রক্তণ সদস্য আব্দুল বাছিত বাসন, জামিল আহমদ খান, লন্ডন প্রবাসী আব্দুস সোবহান তাহের ও বশির আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি




