বিজ্ঞান প্রযুক্তি

অনলাইনে নিজের তথ্য নিরাপদ রাখার পাঁচ উপায়

সিলেটমিডিয়া ডেস্ক: আমাদের সবারই নিজের কিছু গুরুত্বপূর্ণ তথ্য থাকে, সেটা হতে পারে ছবি, ভিডিও, ডকুমেন্টস, অফিস ফাইলস ইত্যাদি। এগুলো যেন না হারায় তাই আমরা অনেকেই অনলাইনে ব্যাকআপ করে রাখি। এ ছাড়াও অনলাইনে বিভিন্ন সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে আমাদের নিজস্ব তথ্য থাকে।

একটু ভাবুন, যদি এই তথ্যগুলো বেহাত হয়ে যায় তাহলে কী হবে? তাই অনলাইনে সবসময় নিরাপত্তা বজায় রেখে চলাফেরা করতে হবে। আজ আমি অনলাইনে নিরাপদ থাকার পাঁচটি উপায় সম্পর্কে লিখব।

শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করুন

শক্তিশালী পাসওয়ার্ড হলো তথ্য চুরির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য সর্বোত্তম উপায়। পাসওয়ার্ডের মধ্যে সবচেয়ে দুর্বল কয়েকটি শব্দ হলো 12345678, name, password। এই শব্দগুলো ব্যবহার করলে হ্যাকার কয়েক সেকেন্ডের মধ্যে আপনার অ্যাকাউন্ট হ্যাক করে আপনার তথ্য বেহাত করতে পারে। তাই ছোট ও বড় হাতের অক্ষর, নাম্বার ও সিম্বলের সমন্বয়ে পাসওয়ার্ড তৈরি করুন।

ফিশিং সাইট থেকে দূরে থাকুন

ফিশিং সাইট হ্যাকিং করার একটি পদ্ধতি। ধরুন, আপনাকে কেউ একটি লিঙ্ক দিয়ে বলল, এই লিঙ্কে আপনার একটি ছবি আছে, লিঙ্কে ক্লিক করে দেখুন। আপনি ওই লিঙ্কে প্রবেশ করার পর আপনার ফেসবুক, টুইটার, কিংবা গুগল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করতে বলল। আপনি লগ ইন করলেন। এবার আপনার লগ ইন আইডি ও পাসওয়ার্ড হ্যাকারের কাছে চলে যাবে। এটাই হলো ফিশিং। আপনার অনলাইন তথ্যগুলোকে যদি রক্ষা করতে চান, তাহলে ফিশিং লিঙ্ক ও সাইট থেকে দূরে থাকুন।

নিজের কম্পিউটার ও মোবাইল ডিভাইসের নিরাপত্তা কঠোর করুন

কম্পিউটার ও মোবাইল ডিভাইসে অ্যান্টিভাইরাস ব্যবহার করুন। পাইরেটেড সফটওয়্যার ও অপারেটিং সিস্টেম ব্যবহার থেকে বিরত থাকুন। কারণ পাইরেটেড সফটওয়্যার ও অপারেটিং সিস্টেমে হ্যাকার নিজের কোড দিয়ে দিতে পারে।

ওপেন ওয়াইফাই কিংবা সাইবার ক্যাফে ব্যবহার থেকে বিরত থাকুন

ওপেন ওয়াইফাই কিংবা সাইবার ক্যাফে ব্যবহার করে নিজের কোনো অ্যাকাউন্ট লগ ইন করলে আপনার অ্যাকাউন্ট ওই ওয়াইফাই কিংবা সাইবার ক্যাফের কম্পিউটার দ্বারা হ্যাক হতে পারে। তাই সাইবার ক্যাফে ও ওপেন ওয়াইফাই বাবহারে সাবধান থাকুন।

অ্যাকাউন্টে টু ফ্যাক্টর অথেন্টিকেশন (Two Factor-authentication) ব্যবহার করুন

Two Factor-authentication এমন একটি নিরাপত্তা অপশন, যা অ্যাকাউন্টের নিরাপত্তা আরও শক্তিশালী করে তোলে। গুগল, ফেসবুক, টুইটারসহ অন্যান্য অনলাইন অ্যাকাউন্টে Two Factor-authentication ব্যবহার করা উত্তম। সেটিংস অপশনে গিয়ে এটি চালু করতে পারেন।

Related Articles

Back to top button