লিড নিউজ
শাহজালাল রহ. মাজারে ভুয়া মহিলা পুলিশ আটক


নিউজ ডেস্ক: এক ভুয়া মহিলা পুলিশকে সিলেটে হযরত শাহজালাল (রহ.) এর মাজার থেকে আটক করা হয়েছে। বুধবার বেলা ১টার দিকে জুলি আক্তার ইভা ওরফে শ্যামলী আক্তার রুবা (১৮) নামের ওই ভুয়া পুলিশকে আটক করা হয়।
আটক কালে তিনি পুলিশের পোশাক পরিহিত ছিলেন। তার পোশাকে নেইমপ্লেটে নাম লিখা ছিল পাপিয়া আক্তার। তার গ্রামের বাড়ি হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলায়।
শাহজালাল মাজার তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই বিশ্বজিৎ জানান, পুলিশের পোশাক পরে সন্দেহজনকভাবে মাজার এলাকায় ঘুরাঘুরি করছিলেন ওই তরুণী। পুলিশ তার পরিচয় জানতে চাইলে তিনি কথা ঘুরাতে থাকেন। এসময় তাকে আটক করা হয়। আটককৃত ভুয়া মহিলা পুলিশকে কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়ের প্রক্রিয়াধীন।




