লিড নিউজ

টিলাগড়ে মুখোশধারীদের কুপে সাবেক ছাত্রলীগ নেতাসহ আহত ৩

নিজস্ব প্রতিবেদক : সিলেট নগরীর টিলাগড়ে সাবেক ছাত্রলীগ নেতাসহ ৩ জনকে কুপিয়েছে মুখোশধারীরা। সোমবার রাত সাড়ে নয়টার দিকে এ ঘটনা ঘটেছে। ছাত্রলীগ ও ছাত্রদলের ক্যাডাররা মিলে এ হামলা চালিয়েছে বলে দাবী করেছেন আহত সাবেক ছাত্রলীগ নেতা রাজন চৌধুরীর ভাই সাজন চৌধুরী।

আহত তিনজনের মধ্যে সাবেক ছাত্রলীগ নেতা রাজন চৌধুরীর অবস্থা আশংকাজনক। আহতদের বর্তমানে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার রাত সাড়ে নয়টার দিকে টিলাগড় পয়েন্টে সাবেক ছাত্রলীগ নেতা ও শাপলা সংঘের সভাপতি রাজন চৌধুরী, ছাত্রলীগ কর্মী মাবরুর ও তানিম আড্ডা দিচ্ছিলেন। এসময় অতর্কিতভাবে মুখোশ পরিহিত ৩-৪জন যুবক তাদের উপর আক্রমন চালায়। তাদেরকে দা ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ঘটনাস্থল ত্যাগ করে হামলাকারীরা। পরে আহতদের সাথে সাথে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান ছাত্রলীগের স্থানীয় নেতাকর্মীরা।

আহতদের মধ্যে রাজন চৌধুরীর অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সঞ্জয় চৌধুরী। মাবরুর ও তানিমকেও হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত রাজনের ভাই স্বেচ্ছাসেবকলীগ নেতা সাজন চৌধুরী  জানান, ছাত্রলীগের মঞ্জুর, ছয়েফ, জুনেদ ও সজল আমার ভাইয়ের ওপর হামলা করেছে। তবে কি কারণে তারা হামলা চালিয়েছে বিষয়টি তার জানা নেই বলে উল্লেখ করেছেন।

Related Articles

Back to top button