রাজনীতিলিড নিউজসিলেট

ঐক্যফ্রন্টে ফের ফাটল, সিলেটের সমাবেশে থাকছেন না মান্না

নিউজ ডেস্ক: টানাপোড়েন পিছু ছাড়ছে না নব্য গঠিত জাতীয় ঐক্যফ্রন্টে। শুরু থেকে একের পর এক প্রতিটি বৈঠকেই নেতাদের মধ্যে মতপার্থক্য দেখা দিচ্ছে। এর অংশ হিসেবে এবার সিলেটে জাতীয় ঐক্যফ্রন্টের সমাবেশে জামায়াত নেতাদের উপস্থিত থাকার কথা শুনে সমাবেশে না যাওয়ার ঘোষণা দিয়েছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক ও ঐক্যফ্রন্টের নেতা মাহমুদুর রহমান মান্না। বিষয়টি নিশ্চিত করেছেন নাগরিক ঐক্যের নেতা শহীদুল্লাহ কায়সার।

এ প্রসঙ্গে শহীদুল্লাহ কায়সার জানিয়েছেন, সিলেটে জাতীয় ঐক্যফ্রন্টের সমাবেশ নিয়ে গত ১৭ অক্টোবর একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিএনপি নেতাদের পক্ষ থেকে সিলেট সমাবেশে জামায়াতের শীর্ষ নেতাদের রাখার প্রসঙ্গ এলে তাতে সমর্থন দেন ড. কামাল। কিন্তু জাতীয় ঐক্যের সমাবেশে জামায়াতকে জড়ালে তাতে জনরোষের কারণ দেখিয়ে মাহমুদুর রহমান আপত্তি জানান। মান্নার আপত্তির বিষয়ে ভ্রুক্ষেপ না করে ড. কামাল বিষয়টি পরে ভেবে দেখবেন বলে জানান। ২২ অক্টোবর আরেকটি বৈঠকে ফের আলোচনায় আসে সমাবেশে জামায়াতের শীর্ষ নেতাদের উপস্থিতির বিষয়। যেখানে ড. কামাল পুরোপুরি জামায়াতের নেতাদের উপস্থিত থাকার বিষয়ে সম্মত হন। এমন সিদ্ধান্তকে অমূলক ও একতরফা বলে মন্তব্য করে বিতর্কের একপর্যায়ে সিলেট সমাবেশে না থাকার ঘোষণা দেন মাহমুদুর রহমান মান্না।

এমনকি ২২ অক্টোবর রাতে ঐক্যফ্রন্টের জরুরি এক বৈঠকের অডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে সেখানে জামায়াতকে রাখা না রাখা নিয়ে ঐক্যফ্রন্টে ফের ফাটল ধরার তথ্য উঠে এসেছে।

সূত্র বলছে, বৈঠকে জামায়াতের উপস্থিতি প্রসঙ্গে ড. কামালের কাছে মাহমুদুর রহমান মান্না ঐক্যফ্রন্টের অবস্থান জানতে চাইলে ড. কামাল ঐক্যফ্রন্টের অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে বলেন, সিলেটে জামায়াতের নেতাদের দ্বারা বিএনপি পরিচালিত হয়। সিলেটে বিএনপির রাজনীতিকে অনেকটা কোণঠাসা করে রেখেছে জামায়াত। ফলে জামায়াত ছাড়া সিলেট বিএনপিকে কল্পনা করা বোকার স্বর্গে বাস করার সমতুল্য। আর তাই সমাবেশে জামায়াতের উপস্থিতি বাঞ্ছনীয়।

এদিকে বিকল্পধারার সাথে ড. কামালের একই বিষয় নিয়ে দূরত্ব তৈরি হয়েছিল। ড. কামালের নানা দেশবিরোধী শর্ত পূরণ করা কঠিন হয়ে পড়ে উদ্যোগী নেতাদের পক্ষে। এতে ক্রমে বাড়তে থাকে দূরত্ব। ঐক্যফ্রন্টে দেখা দেয় জটিলতা। সর্বশেষ গত ১২ অক্টোবর যুক্তফ্রন্টের শরিক দল জেএসডির সভাপতি আ স ম আবদুর রবের উত্তরার বাসভবনের বৈঠকেও বাকবিতণ্ডা হয়।

উল্লেখ্য, ঐক্য গড়ার শর্ত হিসেবে প্রত্যক্ষ ও পরোক্ষ স্বাধীনতাবিরোধী শব্দ নিয়েই ড. কামালের সাথে পাহাড়সম জটিলতা দেখা দিয়েছিল ঐক্যফ্রন্টের অন্য নেতাদের।

Related Articles

Back to top button