

নিউজ ডেস্ক: বিএনপি চেয়ারপারসন কারাবন্দি খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন তার দুই আইনজীবী সানাউল্লাহ মিয়া ও মাসুদ আহমেদ তালুকদার। বুধবার বিকাল ৪টায় পুরান ঢাকার নাজিমুদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে তার সঙ্গে দেখা করেন এই দুই আইনজীবী।
খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ শেষে তারা সাংবাদিকদের জানান, খালেদা জিয়া আদালতে উপস্থিত থেকে বিচারকাজ শ্রবণ করার মতো সুস্থ নন, যে কারণে তিনি আদালতে উপস্থিত হননি। আদালতে উপর তার আস্থা আছে। কিন্তু আদালতে হাজির হবার মতো শারীরিক সুস্থতা তার নেই।
আইনজীবীরা আরও জানান, খালেদা জিয়া দুদিন আগেও কারাকক্ষের বাথরুমে পড়ে গিয়েছেন। সুস্থ না হয়ে আদালতে কী করে যাবেন বলে প্রশ্ন রেখেছেন খালেদা জিয়া।
সুস্থ হওয়া সাপেক্ষে খালেদা জিয়া আদালতে বলে জানিয়েছেন তার আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার।
এছাড়া অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া পরিবর্তন ডটকমকে বলেন, ‘আমরা প্রায় এক ঘণ্টা কারাগোরে ম্যাডামের সঙ্গে কথা বলেছি। তিনি অসুস্থ। তিনি আদালতে উপস্থিত থেকে বিচারকাজ শ্রবণ করার মতো সুস্থ নন। দেশবাসীর কাছে তিনি দোয়া চেয়েছেন।’
উল্লেখ্য, গত ৮ ফেব্রুয়ারি পুরান ঢাকার বকশীবাজারে স্থাপিত বিশেষ জজ আদালত-৫ এর বিচারক ড. আখতারুজ্জামান জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দেন। তারপর থেকে তিনি এই কারাগারে রয়েছেন।
এদিকে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলা বিশেষ জজ আদালত-৫ এর কার্যক্রম ঢাকা মহানগরের বকশিবাজার এলাকার সরকারি আলিয়া মাদ্রাসা ও সাবেক ঢাকা কেন্দ্রীয় কারাগার সংলগ্ন মাঠে নির্মিত অস্থায়ী আদালত ভবনে পরিচালিত হচ্ছিল।
মঙ্গলবার সন্ধ্যায় রাষ্ট্রপতির আদেশক্রমে আইন মন্ত্রণালয়ের উপসচিব মো. মাহবুবার রহমান সরকার স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনের মাধ্যমে এ কার্যক্রম পুরনো কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়।




