বিশ্বনাথে বিয়ে করে বেকায়দায় পড়েছেন ষাটোর্ধ্ব এক লন্ডন প্রবাসী


সিলেটের বিশ্বনাথ প্রতিনিধি :: বিশ্বনাথে বিয়ে করে বেকায়দায় পড়েছেন আব্দুল মতিন নামে ষাটোর্ধ্ব এক লন্ডন প্রবাসী। বিয়ের ২ মাসের মাথায় স্ত্রীকে তালাক নোটিশ পাঠিয়ে ধারাবাহিক ৩টি মামলার আসামী হয়েছেন ওই প্রবাসী। এসব মামলা থেকে রেহাই ও ন্যায় বিচারের স্বার্থে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়ে সিলেট রেঞ্জের ডিআইজি, পুলিশ সুপার ও প্রবাসী কল্যাণ সেল-এ স্মারকলিপি প্রদান করেছেন বিশ্বনাথ উপজেলার দশঘর নোয়াগাঁও গ্রামের মৃত আনফর আলীর পুত্র যুক্তরাজ্য প্রবাসী আব্দুল মতিন।
স্মারকলিপিতে প্রবাসী আব্দুল মতিন উল্লেখ করেন, তার স্ত্রী মৃত্যুবরণ করায় গত বছরের ৩ অক্টোবর উপজেলা দৌলতপুর ইউনিয়নের চরচন্ডি গ্রামের জহির উল্লাহর মেয়ে রাজনা বেগমকে (২৭) মুসলিম ধর্মীয় রীতি অনুযায়ী বিয়ে করেন। বিয়ের পরে তিনি তার স্ত্রীর নানা কুটকৌশলের বিষয়টি বুঝতে পারেন। এমনকি তার সম্পদ আত্মসাত করতে বিয়ের নাটক সাজিয়ে তাকে বেকায়দায় ফেলা হয়েছে বলে তিনি বুঝতে পারেন। স্ত্রীকে বশে আনতে না পারায় ৬ ডিসেম্বর তিনি তার(স্ত্রী) কাছে ডাকযোগে তালাক নোটিশ প্রেরণ করেন।
প্রবাসীর বিরুদ্ধে দায়ের করা মামলা প্রসঙ্গে বিশ্বনাথ থানার এস আই নবী হোসেন জানান, প্রবাসীর বিরুদ্ধে দায়ের করা মামলাসমূহ তদন্তাধীন আছে। তদন্ত সাপেক্ষে এ বিষয়ে পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানান তিনি।




