লিড নিউজ

কারো কাছে ভিক্ষা চাইতে যাবো না: প্রধানমন্ত্রী

এসবিএন ডেস্ক: দেশের উন্নয়নে বাংলাদেশ আর কারো কাছে ভিক্ষা চাইতে যাবে না, বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বুধবার রাজধানীর খামারবাড়িতে কৃষি ও কৃষকদের নিয়ে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। প্রধানমন্ত্রী বলেন, কারো কাছে ভিক্ষা চাইতে যাবো না। আমরা নিজস্ব শ্রম ও মেধা দিয়ে এগিয়ে যাবো। মনে রাখতে হবে বাঙালি মুক্তিযুদ্ধ করে জয়লাভ করা জাতি।

তিনি বলেন, এদেশের মানুষের উন্নয়নে সরকার বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। আমরা কৃষকদের সব রকম সুযোগ-সুবিধা দিয়েছি। একটা সময় ওয়ার্ল্ড ব্যাংক আমাদের বলেছিল- কৃষকদের ভর্তুকি দেওয়া যাবে না। কিন্তু আমরা বলেছি এই ভর্তুকি নিজস্ব অর্থায়নে দেবো এবং তা দিয়েছি। শুধু তাই নয় বর্গা চাষীদের বিনা জামানতে অল্প সুদে কৃষি ঋণ দিতে শুরু করি আমরাই।

শেখ হাসিনা বলেন, এদিকে কর্মসংস্থান ব্যাংকের মাধ্যমে মানুষকে ঋণ দেওয়া হচ্ছে। বিশাল অংকের এসব ঋণ বেকার যুবক-ছেলে-মেয়েদের কাজে আসছে। তারা নিজের পায়ে দাঁড়াচ্ছে। তিনি বলেন, জাতির পিতা সেই ১৯৭৩ সালে মিল্কভিটা প্রতিষ্ঠা করেন। গবাদি পশুর কৃত্রিম প্রজনন শুরু করা হয় সে সময়। এছাড়াও গবেষণার মাধ্যমে জাত উন্নয়নের কাজ শুরু হয়।

আমরা যদি কাজ করে যাই তবে দেশের উন্নয়ন করতে পারবোই উল্লেখ করে শেখ হাসিনা আরও বলেন, তাই তো কাজ করে যেতে হবে। ইতোমধ্যে মাছের উৎপাদন বাড়িয়েছি, জয় করা বিশাল সমুদ্রসীমাকেও কাজে লাগাতে হবে। আমাদের লক্ষ্য ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করবো এবং ২০৪১ সালের মধ্যে উন্নত-সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে উঠবে।

Related Articles

Back to top button