বানিয়াচংয়ে প্রতিপক্ষের হামলায় কৃষক নিহত


ডেস্ক রিপোর্ট: হবিগঞ্জের বানিয়াচঙ্গ উপজেলায় কথা কাটাকাটির জের ধরে প্রতিপক্ষের হামলায় এক কৃষক নিহত হয়েছেন। শনিবার সন্ধ্যায় উপজেলার কাগাপাশা ইউনিয়নের কাটিয়ার হাওরে এ ঘটনা ঘটে।নিহত হাফিজ মিয়া (৪০) উপজেলার কাগাপাশা ইউনিয়নের বাগহাতা গ্রামের ইদ্রিস মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, সন্ধ্যায় নৌকা দিয়ে বানিয়াচঙ্গ উপজেলার কাগাপাশা ইউনিয়নের কাটিয়ার হাওরে হাফিজ মিয়া গরুর জন্য ঘাস কাটতে যান। এ সময় একই গ্রামের আবুল হোসেনের বিলের পানিতে পাতা কারেন্টের জালে হাফিজ মিয়ার নৌকা লেগে ছিঁড়ে যায়। এরই জের ধরে হাফিজ মিয়ার সাথে আবুল হোসেনের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে আবুল হোসেন ও তার লোকজন হাফিজ মিয়ার উপর অতর্কিত হামলা চালালে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বানিয়াচঙ্গ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।



