লিড নিউজ

আমি বুঝি আপনাদের কষ্ট: সুনামগঞ্জে প্রধানমন্ত্রী

সুনামগঞ্জ প্রতিনিধি : হাওর এলাকায় বাঁধ নির্মাণে কারও গাফিলতির প্রমাণ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ক্ষতিগ্রস্ত কৃষকদের নগদ সহায়তার পাশাপাশি আগামী মওসুমের জন্য বিনামূল্যে বীজ আর সার দেওয়া হবে। মৎস্যজীবী ও কৃষকদের ঋণের সুদের হার অর্ধেকে নামিয়ে আনা হবে। গোখাদ্যের যেন অভাব যেন না হয়, সে ব্যবস্থাও সরকার নেবে। একটা লোককে না খেয়ে মরতে দেব না। যা করার করব।

রোববার অকাল বন্যায় ক্ষতিগ্রস্ত হাওর এলাকা পরিদর্শনে গিয়ে রোববার সুনামগঞ্জের শাল্লায় এক সমাবেশে তিনি আরো বলেন, কারও যদি কোনো গাফলতি থাকে, তার বিরুদ্ধে ব্যবস্থা নেব। বন্যায় ফসলহানীর সুযোগ নিয়ে কেউ যদি দেশের বাজারে খাদ্যশষ্যের দাম বাড়িয়ে দেয়, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ার করেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, বন্যা কবলিত এলাকায় এ পর্যন্ত ৩ হাজার ৫২৪ মেট্রিন টন চাল বরাদ্দ দেয়া হয়েছে। কৃষকদের মধ্যে বিনামূল্যে প্রয়োজনীয় সার-বীজ বিতরণ করা হবে। রাষ্ট্রীয় ব্যাংকগুলো বিশেষ করে কৃষিঋণের সুদের হার অর্ধেকে নামিয়ে আনা হবে। যাতে ঋণ পরিশোধ করতে কৃষকদের উপর বেশি চাপ না পড়ে।

তিনি আরও বলেন, বাঁধ নির্মাণে কারও গাফিলতি থাকলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া। এক্ষেত্রে কাউকে ছাড় দেয়া হবে না। হাওরাঞ্চলে ভবিষ্যতে আবাসিক স্কুল নির্মাণ করা হবে। যাতে কোনো প্রাকৃতিক দুর্যোগে তারা আশ্রয় নিতে পারেন।

শেখ হাসিনা বলেন, ‘হাওর অঞ্চলের মানুষ প্রতিনিয়ত জীবনযুদ্ধে থাকে। হাওর এলাকা আমারও এলাকা, আমি বুঝি আপনাদের কষ্ট। এসব এলাকার মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়। তাই এসব এলাকায় বিকল্প জীবিকার ব্যবস্থা করা হবে।

প্রধানমন্ত্রী বলেন, শুধু ফসলের ওপর নির্ভরশীল না থেকে মাছের উৎপাদন বাড়াতে হবে। মাছ উৎপাদনের সঙ্গে সঙ্গে মাছের সংরক্ষণ, প্রক্রিয়াজাত ও বাজারজাতের ব্যবস্থা যেন নেয়া হয়, সে ব্যবস্থা করা হবে।

সুনামগঞ্জের জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলামের সঞ্চালনায় মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান এবং স্থানীয় সংসদ সদস্য জয়া সেনগুপ্তা।

Related Articles

Back to top button