জঙ্গি আস্তানায় চলছে অভিযান: বিস্ফোরণে কেঁপে উঠছে দক্ষিণ সুরমা


নিজস্ব প্রতিবেদক : সিলেটর দক্ষিণ সুরমা উপজেলার শিববাড়ি পাঠানপাড়াস্থ জঙ্গি আস্তানা আতিয়া মহলে’ চলছে শেষ মুহুর্তের অভিযান।
সেই সাথে শোনা যাচ্ছে প্রচণ্ড বিস্ফোরণ ও গুলির শব্দ। এ পর্যন্ত অন্তত ৪টি গ্রেনেট বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ২ টার দিকে আতিয়া মহল থেকে ২ জন তরুণী, ১ তরুণ ও ১ শিশুকে বের করে নিয়ে আসতে দেখা যায়। বেলা ২টা ১৭ মিনিটের দিকে এক সেনা সদস্যকে আহত অবস্থায় বের করে এনে অ্যাম্বুলেন্সে তুলতে দেখা যায়।
আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মনে করছেন, এগুলো শক্তিশালী গ্রেনেডের বিস্ফোরণ হতে পারে।
সেনাবাহিনীর প্যারা-কমান্ডোরা এখন আতিয়া মহলে জঙ্গিদের ফ্ল্যাটে অভিযানে রয়েছেন। অভিযানের নেতৃত্বে আছেন ১৭ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল আনোয়ারুল মোমেন।
এর আগে অভিযানের সমন্বয়কারী সেনা বাহিনীর ১৭ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল আনোয়ারুল মোমেন দুপুর সাড়ে ১২টার দিকে এসে সাংবাদিক ও অন্যান্য লোকদের নির্ধারিত এক কিলোমিটার থেকে আরও ১শ’ হাত দূরে সরে যেতে বলেন।
এ সময় তিনি বলেন, ‘ভবনের বাসিন্দাদের নিরাপদে উদ্ধারের পর জঙ্গিদের আত্মসমর্পণে আহ্বান জানানো হয়েছে। তারা সাড়া না দিলে প্রয়োজনে ভবন ভেঙে অভিযান পরিচালনা করা হবে।’





