কাতারে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের ডীনের স্বর্ণপদক লাভ


কেএম সুহেল আহমদ(কাতার থেকে): কুষ্ঠিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের ধর্মতত্ত্ব ও ইসলামিক শিক্ষা অনুষদের ডীন প্রফেসর ডক্টর আব্দুর রহমান আনোয়ারী কাতারে স্বর্ণপদক লাভে ভূষিত হন।
সম্প্রতি তিনি দোহা আন্তর্জাতিক আন্তঃধর্মীয় সংলাপ কেন্দ্রের আমন্ত্রণে কাতারে আসেন।
রাজধানী দোহায় অনুষ্ঠিত ‘১৩তম দোহা আন্তর্জাতিক আন্তঃধর্মীয় সংলাপ” বিষয়ক সম্মেলনে যোগ দিয়ে ধর্ম ও মানবাধিকার বিষয়ে গবেষণা ভিত্তিক তথ্যনির্ভর বক্তব্য উপস্থাপনের জন্যই তার এ পদক লাভ।
এদিকে, তাঁর কৃতিত্বের স্বীকৃতি স্বরূপ ২৭ ফেব্রুয়ারী(মঙ্গলবার) দোহা’র হক হোটেলে প্রবাসী বাংলদেশী লেখক,সাংবাদিক সংগঠন “বাংলাদেশ লেখক সাংবাদিক অ্যাসোসিয়েশন” কাতার’র উদ্যোগে সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংগঠনের সভাপতি বাংলাদেশ স্কুল এন্ড কলেজ কাতার’র সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক এ.কে.এম. আমিনুল হকের সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক প্রকৌশলী নূর মোহাম্মদ নূরের সঞ্চালনায় সূচিত অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির উদ্দেশ্যে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা প্রকৌশলী আবদুল্লাহ আল মামুন, কাতার বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ডক্টর ইসরাত হোসেন, বাংলাদেশ এম এইচ এম স্কুল ও কলেজের বাংলার প্রভাষক মোহাম্মদ আবু শামা। কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে বক্তব্য রাখেন মোঃ আব্দুস সাত্তার, শাহজাহান সাজু, কফিল উদ্দিন, মাহবুব আলম চৌধুরী, মাওলানা ইউসুফ নূর, প্রকৌশলী আশরাফ উদ্দিন, শাহ আলম খন্দকার, সংগঠনের সহ-সাধারণ সম্পাদক কবি মফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম, সিনিয়র সদস্য শরীফুল ইসলাম শরীফ ও হারুন অর রশিদ মৃধা প্রমূখ।
সংবর্ধিত অতিথির উদ্দেশ্যে বক্তব্য প্রদানকালে সরকারের কাছে উচ্চশিক্ষায় ও চাকরিতে প্রবাসী সন্তানদের কোটা দাবি জানান সাংবাদিক ও প্রবাসী নেতৃবৃন্দ। তারা মনে করেন, মুক্তিযোদ্ধাদের রক্তের বিনিময়ে স্বাধীন করা দেশকে শ্রমে-ঘামে একটি মজবুত অর্থনৈতিক ভিত্তির উপর প্রতিষ্ঠিত করেছে প্রবাসী রেমমিটেন্স যোদ্ধারা। তাঁদের সন্তানদের শিক্ষা ও চাকরি ক্ষেত্রে কোটারে দাবি অত্যন্ত যৌক্তিক।
সংবর্ধিত অতিথির প্রতি সম্মান জানিয়ে বক্তারা বলেন এই সম্মাননা শুধু ডক্টর আব্দুর রহমান আনোয়ারী’র একার নয় বরং কাতারে বসবাসরত প্রায় ৪ লক্ষাধিক প্রবাসী বাংলাদেশী তথা সমগ্র বাংলাদেশের।
সংবর্ধনার জবাবে সংবর্ধিত অতিথি বাংলাদেশ লেখক-সাংবাদিক অ্যাসোসিয়েশনের প্রত্যেক সদস্যের প্রতি কৃতজ্ঞতা জানান। স্বল্প সময়ের নোটিশে কমিউনিটির নেতৃবৃন্দ উপস্থিত থেকে তাঁকে সম্মান জানোর জন্য তিনি তাঁদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। প্রবাসের বুকে তাঁকে সংবর্ধনা প্রদানের মাধ্যমে প্রবাসী ও দেশেবাসীর প্রতি তাঁর দায়িত্ব অনেকগুণে বেড়ে গেল বলে তিনি মনে করেন। আর এ দায়িত্ব যথাযথভাবে পালনের জন্য তিনি সবার দোয়া কামনা করেন।প্রবাসীদের দাবির প্রতি একমত পোষণ করে সাধ্যমত এ দাবি পূরণে তিনি সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাবার আশ্বাস দেন।নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।





