সরিষাবাড়ীতে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন: হুমকির মুখে নদী ও জনবসতি


মোস্তাক আহমেদ মনির, সরিষাবাড়ী (জামালপুর) থেকে : জামালপুরের সরিষাবাড়ীতে অবৈধ ভাবে বালু উত্তেলনের রমরমা ব্যবসা চলছে। একটি শক্তিশালী সিন্ডিকেটের মাধ্যমে প্রশাসনের নাকের ডগায় এলাকার বিভিন্ন নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন ব্যবসা চালিয়ে যাচ্ছে। বিষয়টি আমলে নিচ্ছেনা স্থানীয় প্রশাসন। প্রশাসনের নিরবতায় এলাকায় প্রচন্ড ক্ষেভের সৃষ্টি হয়েছে।
এলাকাবাসীর অভিযোগ এবং সরেজমিনে গিয়ে দেখা গেছে,উপজেলার বিভিন্ন ইউনিয়নের যমুনা নদী, যমুনার শাখা নদী, সুবর্নখালী নদীসহ বিভিন্ন নদী থেকে প্রভাবশালী একটি সিন্ডিকেট অবৈধ ভাবে বালু উত্তোলন করছে। নদীর তলদেশের ভূমির কথিত মালিকানা দেখিয়ে তাদের নিকট থেকে নাম মাত্র অর্থের বিনিময়ে বালু উত্তোলন করে বিপুল পরিমানের অর্থ হাতিয়ে নিচ্ছে। বালু উত্তালনের ফলে নদীর তীর, ফসলী জমি, বাসা-বাড়ি ভেঙ্গে যাচ্ছে। ভাঙ্গনের হুমকির মুখে পড়েছে গুরুত্ব পূর্ণ সড়ক, হাটবাজার, শিল্প প্রতিষ্ঠান, মসজিদ, শিক্ষা প্রতিষ্ঠান।
উপজেলার পিংনা ইউনিয়নের যমুনা নদী থেকে ৪/৫ টি স্থানে ট্রাক্টর মেশিন, স্যালো মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে। এতে করে পিংনা এলাকার তারাকান্দি-ভূয়াপুর মহাসড়ক, পিংনা সরকারি প্রাথমিক বিদ্যালয়, পিংনা সুজাত আলী অনার্স কলেজ, কয়েকটি মসজিদসহ বিভিন্ন প্রতিষ্ঠান ভাঙ্গনের হুমকীর মুখে পড়েছে। যেখানে সরকার পিংনাবাসীকে রক্ষার জন্য বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডর মাধ্যমে বেড়ি বাধ নির্মান করছে।
তার পাশেই স্থাপন করা হয়েছে বালু তোলার ড্রেজার মেশিন। এ ছাড়াও পোগলদিঘা, কামরাবাদ, ভাটারা, পৌর এলাকাসহ বেশ কয়েকটি স্থানে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করা হচ্ছে। ফলে নদীর পাড় ভেঙ্গে গেছে। হুমকী মুখে পড়েছে এলাকা গুলো। অবৈধ ভাবে বালু উত্তোলকারীরা সরকারী দলের বিধায় প্রকাশ্যে কেউই মুখ খুলতে সাহস পাননা বলে ক্ষতি গ্রস্থরা জানান।
রাস্তার পাশে আবাদী জমি নাম মাত্র মূল্যে ভাড়া নিয়ে বালু ভরাট করে কতিপয় ব্যবসায়ী। এ ছাড়াও বালু বিক্রয় এবং পরিবহনের জন্য ট্রাক, ট্রাক্টর, স্যালো মেশিন চালিত ফাইটার ব্যবহার করায় রাস্তা গুলো ভেঙ্গে যাতায়াত ব্যবস্থা হুমকীর মুখে পড়েছে। বেপরোয়া ভাবে যানবাহন গুলো চলাচল করায় এলাকার সড়ক দূর্ঘটনা বেড়েছে। কয়েক মাসে উপজেলায় প্রায় ১০ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে।
আহতের সংখ্যা শতাধিক। পঙ্গুত্ব বরণ করতে হয়েছে অনেককে। ড্রেজার মেশিন দিয়ে বালু পাইপের মাধ্যমে সরবরাহ করতে গিয়ে প্রধান সড়কের বেশ কয়েকটি স্থানে লোহার পাইপ আড়াআড়ি ভাবে বসানো হয়। এতে করেও সড়ক দূর্ঘটনা বেড়েছে বলে এলাকাবাসী জানান। যেখান থেকে বালু তোলা হচ্ছে তার কিছু উজানে নদীর পাড়ে ভাঙন দেখা দিয়েছে। ইতিমধ্যে কয়েক একরের মতো জমি ভেঙে নদী গর্ভে তলিয়ে গেছে বলে অভিযোগ রয়েছে।
পিংনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার মোতাহার হোসেন বলেন, ইউনিয়ন পরিষদ থেকে কাউকে বালু উত্তোলনের অনুমতি দেয়া হয়নি। এই ক্ষমতা ইউনিয়ন পরিষদের নেই। এদের বিরুদ্ধে আইনী ব্যাবস্থা নেওয়ার জন্য প্রশাসনের নিকট দাবী জানান।
সরিষাবাড়ী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ফিরোজ আল মামুন জানান, কোথায় কোথায় বালু তোলা হচ্ছে তা খোঁজ খবর নেয়া হচ্ছে। অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে শিগগিরই অভিযান পরিচালনা করা হবে বলে তিনি জানান।




