লিড নিউজ

কাউন্সিলর হাসু ও শামীম বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক : এসএমপির কোতোয়ালি থানায় একটি মামলার অভিযোগপত্র আদালতে গৃহীত হওয়ার কারণে সিলেট সিটি করপোরেশনের ৬নং ওয়ার্ড কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম ও ১৯নং ওয়ার্ড কাউন্সিলর দিনার খান হাসুকে সাময়িকভাবে বরখাস্ত করেছে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়।

রবিবার এসংক্রান্ত কাগজপত্র সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট দপ্তরে এসেছে। এর আগে গত ৮ ফেব্রুয়ারি উপসচিব মো: আবদুর রউফ মিয়া স্বাক্ষরিত স্মারক নং-৪৬.০৭০.০১১.০০.০০.২৩৯.২০১২-১৭১ কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম ও স্মারক নং-৪৬.০৭০.০১১.০০.০০.২৩৯.২০১২-১৭০ দিনার খান হাসুকে সাময়িক বরখাস্ত করা হয়।

বিশ্বস্থ সূত্রে জানা যায়, সিলেট সিটি করপোরেশনের ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর দিনার খান হাসু ও ৬নং ওয়ার্ড কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম বিরুদ্ধে দায়েরকৃত সিলেট মহানগরীর কোতোয়ালি থানার জিআর মামলা নং-৩৬০/২০১২ এর অভিযোগপত্র বিজ্ঞ আদালতে গৃহীত হওয়ায় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের বরখাস্ত করার বিধান রয়েছে।

যার কারণে স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন, ২০০৯  (২০০৯ সনের ৬০ নং আইন) এর ধারা ১২ এর উপধারা (১) এ প্রদত্ত ক্ষমতাবলে  তাদেরকে সাময়িক বরখাস্ত করা হয়। অবগতির জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে অনুলিপি সিলেটের জেলা প্রশাসক ও সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহীসহ সরকারের বিভিন্ন দপ্তরে প্রেরণ করা হয়।

অনুলিপির প্রেক্ষিতে সিসিক কর্তৃপক্ষ সংশ্লিষ্ট ওয়ার্ডের দায়িত্ব পার্শ্ববর্তী অন্য ওয়ার্ডের কাউন্সিলরকে দেয়ার প্রস্তুতি নিচ্ছে।

তবে বিষয়টি নিয়ে কথা বলতে সিলেট সিটি করপোরেশনের ৬নং ওয়ার্ড কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম ও ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর দিনার খান হাসুর সাথে যোগাযোগ করা হলেও মন্তব্য নেয়া সম্ভব হয়নি।

Related Articles

Back to top button