লিড নিউজসিলেট

প্রতারনার অভিযোগে নাইজেরিয়ান নাগরিক সিলেটে আটক

সিলেটমিডিয়াডেস্ক :: সিলেটে আন্তর্জাতিক প্রতারক চক্রের সদস্য এক নাইজেরিয়ান নাগরিককে আটক করেছে পুলিশ। তাকে শুক্রবার আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ।

বৃহস্পতিবার সিলেট-ঢাকা মহাসড়কের হোটেল হাইওয়ে ইন থেকে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে প্রতারণা করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. ফারুক মিয়ার প্রায় পৌনে ৫ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে। শাবির ওই অধ্যাপক এ ব্যাপারে শাহপরান থানায় একটি মামলা দায়ের করেছেন বলে শাহপরান থানার ওসি আখতার হোসেন জানিয়েছেন।

শুক্রবার সকালে এসএমপি সদর দপ্তরে এ তথ্য জানিয়ে অতিরিক্ত পুলিশ কমিশনার পরিতোষ ঘোষ বলেন, যুক্তরাষ্ট্রে একটি সেমিনারে অংশ নেয়ার জন্য শাহজালাল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. ফারুক মিয়ার কাছে গত ফেব্ররুয়ারি মাসে একটি ইমেইল আসে। ওই সেমিনারে অংশ নিতে আগ্রহ প্রকাশ করেন ড. ফারুক। এরপর হোটেল ভাড়া, বিমান টিকেট, ইন্সুরেন্স ও ফেরতযোগ্য জামানত হিসেবে তার কাছ থেকে ৩ দফায় ৫ হাজার ৬০০ ডলার হাতিয়ে নেয় প্রতারক চক্র। গত ২৭ মার্চ ওই চক্রের এক সদস্য ঢাকা শাহজালাল বিমানবন্দরের পাশে তাকে একটি ট্রাভেল ব্যাগ দিয়ে তা সিলেটে নিয়ে যেতে বলে। এসময় ল্যান্ডিং চার্জ বাবদ আরও দেড়লাখ টাকা হাতিয়ে নেয় ওই চক্র।
ব্যাগ হাতে নিয়ে ড. ফারুক দেখতে পান তার ভেতরে বিশাল ওজনের একটি মেশিন রয়েছে। কনফারেন্সের কোনো ডকুমেন্ট নেই।
এরপর ড. ফারুক আবার আমেরিকায় ফোন দিয়ে তাঁর ডকুমেন্টের ব্যাপারে জানতে চান। তখন তাকে বলা হয়- এই ব্যাগ নিয়ে সিলেট চলে আসতে। পরদিন তাদের একজন লোক সিলেট এসে ব্যাগের ভেতরের মেশিন থেকে সব ডকুমেন্ট বের করে দেবে।
পরদিন ওই চক্রের আরেক সদস্য নাইজেরিয়ান নাগরিক ডোনাটস এমেকা ওনিজিউয়া সিলেটে এসে ড. ফারুককে কল দেয়। তারা নগরীর উপশহরের হোটেল রোজভিউর সামনে একটি মাইক্রোবাসে সাক্ষাত করেন। তখন ডোনাটস এমেকা মেশিন থেকে জাল ডলার তৈরি করে ড. ফারুকের হাতে ধরিয়ে দেয়। এতে ড. ফারুক ক্ষুব্দ প্রতারক চক্রের ওই সদস্যকে সেমিনারের ডকুমেন্ট দিতে বলেন।
তখন ডোনাটস এমেকা কিছুক্ষণ পর ডকুমেন্ট নিয়ে আসছে বলে পালিয়ে যায়। বিষয়টি ড. ফারুক পুলিশকে অবহিত করেন এবং ২৯ মার্চ শাহপরান থানায় একটি মামলা করেন।
মামলার পর ওইদিন (বৃহস্পতিবার) সকালেই মাধবপুরে একটি হোটেলে অভিযান চালিয়ে নাইজেরিয়ান নাগরিক ডোনাটস এমেকাকে গ্রেপ্তার করে পুলিশ।
শুক্রবার সকালে এ ব্যাপারে সংবাদ সম্মেলনে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার পরিতোষ ঘোষ বলেন, এরা একটি আন্তর্জাতিক প্রতারক চক্রের সদস্য। দেশের ও দেশের বাইরের অনেক প্রতারক এই চক্রের সাথে জড়িত। আমরা দেশে আর কে কে জড়িত আছে তা খোঁজে বের করার চেষ্টা করছি। তাছাড়া মানুষকেও এ ব্যাপারে সচেতন হতে হবে।
সংবাদ সম্মেলনের পর গ্রেপ্তার নাইজেরিয়ান নাগরিক ডোনাটস এমেকাকে সাংবাদিকদের সামনে হাজির হরা হয়। এসময় তিনি চিৎকার করে বলতে থাকেন- ওই ব্যাগ আমার নয়, আমি এ ব্যাপারে কিছু জানি না।

Related Articles

Back to top button