হরতালের সমর্থনে উত্তাল সিলেট

ঢাকা, চট্টগ্রাম ও ব্রাহ্মণবাড়িয়ায় নেতাকর্মী হতাহতের ঘটনার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে হরতালের সমর্থনে হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লিদের যোগদানে উত্তাল হয়ে পড়েছে সিলেট।।
শনিবার (২৭ মার্চ) বিকেল সোয়া ৫টায় বন্দরবাজারস্থ কালেক্টরেট মসজিদের সামনে থেকে মিছিল বের করে চৌহাট্টায় ঘুরে আবারও বন্দরবাজারে এসে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ মিছিলটি শেষ করেন হেফাজতে ইসলামের নেতাকর্মীরা।
মিছিল শেষে কোর্ট পয়েন্টে বিশাল সমাবেশের কারণে নগরীর বন্দরবাজারে বন্ধ রয়েছে যান চলাচল। সমাবেশ ঘিরে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। সেই সঙ্গে থমথমে অবস্থা বিরাজ করছে নগরীর বন্দরবাজারে।
এদিকে সারাবাংলাদেশের সমাবেশে হেফাজত নেতারা হুশিয়ার দিয়ে বলেন, আগামীকাল রোববার ডাকা হরতালে বাধা দিলে লাগাতার কর্মসূচি ঘোষণা করা হবে।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের প্রতিবাদে শুক্রবার ঢাকা, চট্টগ্রাম ও ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতে ইসলামের নেতাকর্মীরা বিক্ষোভ করেন।
বিক্ষোভে অংশ নেওয়া মাদ্রাসাশিক্ষার্থী, ধর্মভিত্তিক দলের নেতাকর্মী ও মুসল্লিদের একটি অংশের সঙ্গে পুলিশ, সরকারি দলের ছাত্র-যুব-স্বেচ্ছাসেবক সংগঠনের কর্মীদের সংঘর্ষ হয়।
এতে হাটহাজারীতে চারজন ও ব্রাহ্মণবাড়িয়ায় একজন নিহত হন। আহত হন দেড় শতাধিক।




