এবার মেয়র আরিফের বিরুদ্ধে যাচ্ছেন শ্রমিকরা

নিউজ ডেস্ক:
সিলেটের চৌহাট্টায় অবৈধ স্ট্যান্ড উচ্ছেদকে কেন্দ্র করে পরিবহর শ্রমিক-সিসিকের কর্মকর্তা কর্মচারীদের সংঘর্ষের ঘটনায় এবার মামলা করার সিদ্ধান্ত নিয়েছেন পরিবহণ শ্রমিকরা।
বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) সিলেট জেলা সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়নের সহ-সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মবু বাদী হয়ে আদালতে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। শ্রমিক ইউনিয়নের একটি সূত্র এ তথ্য জানিয়েছে।
ওই সূত্র জানায়, মামলায় একমাত্র এজাহারনামীয় আসামি করা হবে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীকে। আর অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি রাখা হবে।
এ ব্যাপারে সিলেট জেলা সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল মুহিতের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আরিফুল হকের নেতৃত্বেই গাড়ি ভাংচুর করা হয়েছে, আমাদের শ্রমিকদের মারধর করা হয়েছে। আবাদের অনেক শ্রমিক আহত। তাছাড়া আমাদের শ্রমিকদের মামলা দিয়ে হয়রানির চেষ্টা করা হচ্ছে। অথচ আমাদের শ্রমিকরাই বেশি ক্ষতিগ্রস্ত। সে হিসেবে আমরা আদালতে মামলা করব এবং আরিফুল হককেই আসামি করব।
এর আগে অস্ত্রসহ যুবক আটকের ঘটনায় একটি, দায়িত্বরত পুলিশ সদস্যদের উপর হামলার ঘটনায় একটি এবং সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর, কর্মকর্তা-কর্মচারীদের মারধরের ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। এ ৩ মামলার মধ্যে ১ টি মামলার বাদী সিসিকের উপ-সহকারী প্রকৌশলী দেবপদ রায় আর বাকি ২ টি মামলার বাদী পুলিশ। এসব মামলায় মোট ২৮ জনকে এজাহারনামীয় আসামিকরা পাশাপাশি আরো শতাধিক অজ্ঞাতনামা আসামি রাখা হয়েছে। বুধবার দিবাগত রাতে এ মামলাগুলো করা হয়।
বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আবু ফরহাদ।
তিনি বলেন সিসিকের দায়ের করা মামলায় এজাহারনামীয় আসামি ১০ জন, পুলিশের উপর হামলার ঘটনায় ১৭ জন আর অস্ত্র আইনে দায়ের করা মামলায় একক আসামি ফয়সল আহমদ ফাহাদ (৩৮)।
প্রাথিমিক জিজ্ঞাসাবাদে আটক ফাহাদ অস্ত্র নিয়ে আসার কোন কারণ জানিয়েছে কি না এমন প্রশ্নে ওসি এস এম আবু ফরহাদ বলেন, আমাদেরকে এমন কোন তথ্য সে দেয়নি। তাই তাকে আদালতে প্রেরণ করা হবে।
এদিকে সিলেট নগরীর চৌহাট্টা এলাকায় অবৈধ স্ট্যান্ড উচ্ছেদকে কেন্দ্র করে পরিবহন শ্রমিক-সিসিকের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে সংঘর্ষের ঘটনার সময় গাড়ি ভাঙচুরের প্রতিবাদে আগামী সোমবার (২২ ফেব্রুয়ারি) থেকে সিলেটে সকল ধরণের পরিবহণ ধর্মঘটের ডাক দিয়েছেন পরিবহণ শ্রমিকরা।
বুধবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭ টায় এ তথ্য নিশ্চিত করেছেন সিলেট জেলা সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল মুহিত।
তিনি বলেন, ‘আমরা দুয়েকদিনের মধ্যে প্রশাসনকে স্মারকলিপি দেবো। আর সোমবার সকাল ৬ টা থেকে পরিবহণ ধর্মঘট পালন করবো। সিলেটের সকল ধরণের পরিবহণের মালিক-শ্রমিকরা মিলে এ সিদ্ধান্ত নিয়েছেন।’
এর আগে বুধবার দুপুরে সিলেট নগরীর চৌহাট্টা এলাকায় অবৈধ মাইক্রোবাস স্ট্যান্ড উচ্ছেদকালে পরিবহন শ্রমিক ও সিটি কর্পোরেশন কর্মিদের মধ্যে ধাওয়া পালটা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় অন্তত অর্ধশতাধিক যানবাহন ভাংচুরের ঘটনাও ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ফাঁকা গুলি ছুড়ে।




