লিড নিউজ

মক্কায় হোটেলে আগুন: সরিয়ে নেয়া হয়েছে হজযাত্রীকে

নিউজ ডেস্ক ।। সৌদি আরবের মক্কা নগরীর আজিজিয়াহ জেলার একটি হোটেলে আগুন লাগার পর ছয়শ হজযাত্রীকে ওই হোটেল থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। এ ঘটনায় কেউ হতাহত হননি বলে জানিয়েছেন, আজিজিয়াহর সিভিল ডিফেন্স অধিদপ্তরের মুখপাত্র নায়েফ আল-শরিফ।

সংবাদ: খালিজ টাইমস, এএফপি।

তবে স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে দুবাইভিত্তিক খালিজটাইমস জানায়, এ অগ্নিকাণ্ডে দুজন হজযাত্রী আহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার সকালে ১৫ তলাবিশিষ্ট হোটেলটির অষ্টম তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে ওই আগুন সাততলায়ও ছড়িয়ে পড়ে।

আজিজিয়াহর সিভিল ডিফেন্স অধিদপ্তরের মুখপাত্র নায়েফ আল-শরিফ জানান, সবাইকেই নিরাপদে হোটেল থেকে বের করে আনা সম্ভব হয়েছে। অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো হতাহত হয়নি।

হোটেলটির এয়ারকন্ডিশন থেকে এই অগ্নিকাণ্ডের সূচনা হয় বলে জানান তিনি।

সিভিল ডিফেন্স অধিদপ্তরের মুখপাত্র আরো জানান, অগ্নিকাণ্ডের সময় হোটেলটিতে ইয়েমেন ও তুরস্ক থেকে আসা হজযাত্রীরা অবস্থান করছিলেন।

এফপি জানায়, আজিজিয়াহ জেলার হোটেলে এমন সময় অগ্নিকাণ্ড ঘটল যখন দেশটিতে হজ্ব পালনের জন্য প্রায় ২০ লাখ হজযাত্রী অবস্থান করছেন। সৌদি আরবের সিভিল ডিফেন্স অধিদপ্তর জানিয়েছে, আগুন লাগার পর ৬০০ হজযাত্রীকে ওই হোটেল থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়।

এ নিয়ে দুইবার সৌদি আরবে চলতি বছরের হজ মৌসুমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো। গত সপ্তাহে জেদ্দা নগরীর একটি হোটেলে আগুন লাগে। এতে হোটেলটির তিনটি ভবন সম্পূর্ণ ধ্বসে যায়। ভয়াবহ ওই আগুনে ৬০ জন হজযাত্রী ও হোটেলের কর্মচারী আহত হন।

Related Articles

Back to top button