কুলাউড়া থেকে নিখোঁজ তরুণী জগন্নাথপুরে উদ্ধার


নিজস্ব প্রতিবেদক : মৌলভীবাজার জেলার কুলাউড়া থেকে নিখোঁজের ৭ দিন পর সুনামগঞ্জের জগন্নাথপুর থেকে এক উপজাতি তরুণীকে উদ্ধার করেছে জগন্নাথপুর থানা পুলিশ।
জানা গেছে, সুনামগঞ্জ জেলার দোয়ারা বাজার থানার জুমগাঁও গ্রামের মলয় রেমা’র তরুণী কন্যা সমাপ্তি বাংক (১৭) দীর্ঘদিন ধরে মৌলভী বাজার জেলার কুলাউড়া থানার উত্তর বাজার এলাকায় তাঁর ভগ্নিপতি ইব্রাহিম খলিলের বাসায় বসবাস করে আসছিলেন। হঠাৎ করে গত ১৩ জুলাই কুলাউড়ার ভগ্নিপতির বাসা থেকে উপজাতি তরুণী সমাপ্তি বাংক নিখোঁজ হন। এ ঘটনায় তার ভগ্নিপতি ইব্রাহিম খলিল বাদী হয়ে কুলাউড়া থানায় জিডি করেন।
এদিকে-গোপন সংবাদের ভিত্তিতে জিডির আলোকে নিখোঁজের ৭ দিন পর বৃহস্পতিবার রাতে জগন্নাথপুর থানার এএসআই সাদেকুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ জগন্নাথপুর সদর বাজারের রুপসী বিউটি পার্লার নামের এক ব্যবসা প্রতিষ্ঠান থেকে নিখোঁজ হওয়া এ তরুণীকে উদ্ধার করেন।
জগন্নাথপুর থানার ওসি হারুনুর রশীদ চৌধুরী জানান, উদ্ধারকৃত তরুণীকে তাঁর ভগ্নিপতি ইব্রাহিম খলিলের জিম্মায় দেয়া হয়েছে। তবে অভিযোগ উঠেছে রুপসী বিউটি পার্লারের মালিক রিকু চৌধুরী ওই তরুণীকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে এখানে এনে ছিলেন।




