‘নগর চত্বরকে’ যেভাবে ‘কামরান চত্বরে’ বদলে দিলো ছাত্রজনতা


নিউজ ডেস্ক: মেয়র আরিফুল হক চৌধুরী সিলেট সিটি করপোরেশনের সামনের পয়েন্টকে গতকাল রবিবার সন্ধ্যারাতে ‘নগর চত্বর’ হিসেবে উদ্বোধন করেন । যে চত্বরটি এতোদিন ‘সিটি পয়েন্ট’ নামে পরিচিত ছিলো। এতে ক্ষুব্ধ হয়ে উঠেন কামরান সমর্থক সাধারণ মানুষ এবং ছাত্র জনতা।
বদর উদ্দিন আহমদ কামরান ছিলেন সিলেটের মাটি ও মানুষের নেতা। রাজনৈতিক নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ মানুষের কাছে ছিলেন এক উজ্জল নক্ষত্র। কামরানের মৃত্যুর পর প্রথমে দৈনিকসিলেটের লাইভ অনুষ্ঠান ‘নিউজ টকে’ দাবি উঠে সিটি পয়েন্টকে ‘কামরান চত্বর’ করার। এই নিউজ টকে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এমপি,মেয়র আরিফুল হক চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব প্রিন্স সদরুজ্জামান চৌধুরী। এই অনুষ্ঠানে মেয়র স্পষ্ট ঘোষণা দিয়েছিলেন যে পরিষদের সাথে কথা বলে তিনি ‘কামরান চত্বর’ স্থাপন করবেন। কিন্তু মেয়র শেষ পর্যন্ত কথা রাখলেন না।
আজ ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা সেই চত্বরের সাইনবোর্ড খুলে ‘কামরান চত্বর’ নামের সাইনবোর্ড লাগিয়েছেন ।
আজ সোমবার (২৭ জুলাই) দুপুরে যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের শতাধিক নেতাকর্মী মিছিল সহকারে এসে গতকাল উদ্বোধন হওয়া ‘নগর চত্বর’ সাইনবোর্ড খুলে ‘কামরান চত্বর’ লেখা নতুন সাইনবোর্ড লাগিয়ে দেন।
এসময় মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তির সভাপতিত্বে ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক দেবাংশু দাস মিঠুর পরিচালনায় এক প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কাউন্সিলর আফতাব হোসেন খান, মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক মুশফিক জায়গীরদার, এডভোকেট ফখরুল ইসলাম, যুবলীগ নেতা জাহাঙ্গীর আলম, স্বেচ্ছাসেবক লীগ নেতা এম. রশীদ আহমদ, গোলাম হাছান চৌধুরী সাজন, এম এইচ ইলিয়াসি দিনার, মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আলীম তুষার, সাবেক ছাত্রলীগ নেতা কামরুল ইসলাম, সঞ্জয় চৌধুরী ও সাইফুল আহমদ ছফু প্রমুখ।
কাউন্সিলর আজাদ তাঁর বক্তব্যে বলেন, বদর উদ্দিন কামরান দীর্ঘ ৩৩ বছর এই নগরবাসীর সেবায় নিয়োজিত ছিলেন। সিলেটের বিভিন্ন আন্দোলন-সংগ্রামে তিনি সবসময় পাশে থেকেছেন। তার নামে এই চত্বরের নামকরণ সিলেটবাসীর প্রাণের দাবি। আগামীকাল সিটি করপোরেশনের মাসিক সভা আছে। এই সভায় আমরা এই চত্বরের নাম চূড়ান্তভাবে কামরান চত্বর করার প্রস্তাব রাখবো।
বক্তব্যকালে ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ নেতারা বলেন, গতকাল সন্ধ্যারাতে চুরিসারে সিটি পয়েন্টটিকে ‘নগর চত্বর’ নামে উদ্বোধন করেন মেয়র আরিফুল হক চৌধুরী। এই পয়েন্টকে ‘কামরান চত্বর’ হিসেবে নামকরণের দাবি ছিলো সিলেটবাসীর। কিন্তু মেয়র নগরবাসীর সেই প্রাণের দাবিকে গুরুত্ব দেননি। তাই আমরা নগরবাসীকে সঙ্গে নিয়ে এ চত্বরের নাম বদলে ‘কামরান চত্বর’ নামের সাইনবোর্ড লাগিয়ে দিয়েছি।
তারা বলেন, আর যদি এর নাম পরিবর্তনের চেষ্টা করা হয় তবে আমরা কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবো।




