লিড নিউজ

অবশেষে বাঁচানো গেল না গুলিবিদ্ধ সাংবাদিক শিমুলকে

মিডিয়া ডেস্ক: সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর এলাকায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের মধ্যে সংঘর্ষ ও ভাংচুরের ঘটনায় গুলিবিদ্ধ সাংবাদিক শিমুল ঢাকায় আনার পথে মারা গেছেন।

বৃহস্পতিবার সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর এলাকায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের মধ্যে সংঘর্ষ ও ভাংচুরের ঘটনা ঘটে। এতে সাংবাদিকসহ কমপক্ষে ১৩ জন আহত হয়। এর মধ্যে দৈনিক সমকালের শাহজাদপুর প্রতিনিধি শিমুলকে গলায় ও অপর দুজনকে পায়ে গুলিবিদ্ধ অবস্থায় বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার সকালে অবস্থার উন্নতি না হলে ঢাকায় আনার পথে মারা যান গুলিবিদ্ধ সাংবাদিক শিমুল।

 

এছাড়া শাহজাদপুর সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি বিজয় শেখকে ঢাকা পঙ্গু হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। পুলিশ এ ঘটনায় সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও শাহজাদপুর পৌর মেয়র হালিমুল হক মিরুর ছোট ভাই আওয়ামী লীগ কর্মি পিন্টুকে আটকসহ মেয়রের বাড়ি থেকে শর্টগান ও ২ রাউন্ড গুলির খোসা জব্দ করে।

 

শাহজাদপুর থানার ওসি রেজাউল হক জানান, পূর্বশক্রতার জের ধরে পিন্টু ও তার লোকজন বৃহস্পতিবার দুপুরে শাহজাদপুর সরকারী কলেজ ছাত্রলীগের সভাপতি বিজয় শেখকে স্থানীয় হাই স্কুল মাঠ থেকে ধরে নিয়ে মেয়রের বাড়ির মধ্যে আটক রেখে বেদম মারপিটসহ তার হাত পা ভেঙ্গে দেয়। তাকে প্রথমে পাবনার বেড়া হাসপাতাল ভর্তি করা হয়। সেখান থেকে বিকেলে তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে স্থানন্তরিত করা হয়।

 

এ খবর ছড়িয়ে পড়লে ছাএলীগ নেতাকর্মী ও তার সর্মর্থকরা বগুড়া-নগরবাড়ী মহাসড়কের বিসিক এলাকাসহ পৌর শহরের বেশ কয়েকটি স্থানে সড়ক অবরোধ করে এই ঘটনার প্রতিবাদে। এক পযার্য়ে তারা পৌর মেয়রের বাড়ি ঘেরাও করার চেষ্টা করলে পৌর মেয়র তার শর্টগান দিয়ে গুলিবর্ষণ করেন। এ সময় সংবাদ সংগ্রহকারী শিমুল গলায় গুলিবিদ্ধসহ অপর ২ জন পায়ে গুলিদ্ধি হন।

 

এ বিষয়ে পৌর মেয়র হালিমুল হক মিরু জানান, বিকেল পৌনে ৫ টার দিকে ছাত্রলীগের কিছু সংখ্যক নেতাকর্মিসহ একদল জনতা আমার বাড়িতে হামলা করে এবং ভাংচুর করে। এতে আত্মরক্ষার্থে আমি আমার লাইসেন্সকৃত শর্টগানদিয়ে গুলি করি। তবে তার ছোড়া গুলিতে সাংবাদিকসহ অপর ২ জন গুলিবিদ্ধ হয়নি বলে তিনি দাবি করেন।

 

এদিকে সাংবাদিক গুলিবিদ্ধ হওয়ার প্রতিবাদে শাহজাদপুর কর্মরত সাংবাদিকরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য শাহজাদপুর পৌর এলাকার বিভিন্ন স্থানে দাঙ্গা পুলিশ মোতায়োন করা হয়েছে বলে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা জানান।

Related Articles

Back to top button