নগরীর চালিবন্দরে শিশু ও মহিলাকে মারধরের অভিযোগে যুবক গ্রেফতার


নিজস্ব প্রতিবেদক : সিলেট নগরীর চালিবন্দরে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ১৪নং ওয়ার্ডের সভাপতি অতিন্দ্র দেবকে মারার উদ্দেশ্যে তার বাসায় ঢুকে এক শিশু ও মহিলাকে আঘাত করার অভিযোগে খলিলুর রহমান খলিল নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার সকালে তাকে গ্রেফতার করা হয়।
মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার বিভূতি ভূষন ব্যানার্জি জানান, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ১৪নং ওয়ার্ডের সভাপতি অতিন্দ্র দেবকে মারার উদ্দেশ্যে ২ ফুট লম্বা লোহার রড নিয়ে তার বাসায় যান খলিলুর রহমান খলিল। অতিন্দ্র দেবকে বাসায় না পেয়ে তার ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে প্রিয়া দাশ নামের আড়াই বছরের এক শিশুর মাথায় রড দিয়ে আঘাত করেন খলিল। এতে গুরুতর আহত হয় প্রিয়া। পরে খলিল অতিন্দ্র দেবের বাসায় কাজলী কর (৩৫) কে আঘাত করে পালিয়ে যান।
তিনি জানান, এলাকাবাসী আহতদের উদ্ধার করে ওসমানী হাসপাতালে ভর্তি করেন। প্রিয়া দাশের অবস্থা আশঙ্কাজনক।
পুলিশ কর্মকর্তা বিভূতি ভূষন ব্যানার্জি আরো জানান, স্থানীয়দের কাছ থেকে ঘটনাটি অবগত হয় পুলিশ। এছাড়ার ঘটনার ব্যাপারে অতিন্দ্র দেব কোতোয়ালী থানায় অভিযোগ করেন। এ ব্যাপারে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করা হয়। পরে পুলিশ অভিযান চালিয়ে খলিলুর রহমানেক আজ সকালে গ্রেফতার করে।




