লিড নিউজসারাদেশসিলেট

সিলেটে মাদকের ব্যবহার বেড়েছে ৬ গুণ

অনলাইন ডেস্ক: সিলেট বিভাগে ইয়াবা ও গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকের ব্যবহার বেড়েই চলছে। ২০১৭ সালের প্রথম ৮ মাসে ২ হাজার ২৮৭ পিস ইয়াবা জব্দ করা হয়েছিল। চলতি বছরের আট মাসে ১৩ হাজার ৯১৭ পিস ইয়াবা জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর সিলেট কার্যালয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিসংখ্যানে দেখা গেছে, গত বছরের তুলনায় স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ ইয়াবার ব্যবহার ও উদ্ধার বেড়েছে ৬ গুণ। আর এতে উদ্বিগ্ন হয়ে পড়েছেন অভিভাবকরা।

একইভাবে গত কয়েক বছরে জব্দকৃত গাঁজার পরিমাণ ছিল ২২৫ কেজি। এবার এর পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ২৬৭ কেজিতে। কেবল ইয়াবা-গাঁজাই নয় অন্যান্য মাদকদ্রব্য জব্দ ও ব্যবহার ৬ থেকে ৮ গুণ বেড়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর সিলেট কার্যালয় সূত্রে এ তথ্য পাওয়া গেছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর সিলেটের অতিরিক্ত পরিচালক মো. জাহিদ হোসেন মোল্লা বলেন, আমাদের জনবল তুলনামূলক কম। এরপরও নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। গত বছরের তুলনায় এবার ৮ মাসের অভিযানে কয়েকগুণ বেশি মাদক উদ্ধার হয়েছে। সিলেট বিভাগ সীমান্তবর্তী এলাকায় হওয়ায় মাদক ব্যবসায়ীরা কৌশলে মাদক নিয়ে আসে। আমাদের চেষ্টা অব্যাহত আছে যাতে মাদক নিয়ন্ত্রণ করা যায়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর সিলেট বিভাগীয় কার্যালয় সূত্র জানায়, চলতি বছরের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত আট মাসে সিলেট বিভাগের ৪ জেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের আওতায় ১ হাজার ৩৪৯টি অভিযান পরিচালনা করা হয়। গত বছর এই ৮ মাসে অভিযানের সংখ্যা ছিল ১ হাজার ৩৫৩টি। একই বছর অভিযানে মামলার সংখ্যা ৪০৮ হলেও এবার মামলার সংখ্যা ২৪টি বেড়ে ৪৩২টিতে দাঁড়িয়েছে। গত বছর আসামির সংখ্যা ছিল ৪৫৭ জন। এবার আসামির সংখ্যা ৪৭৭ জন।

চলতি বছরের প্রথম ৮ মাসে ২৬৭ দশমিক ৩৬৩ কেজি গাঁজা, ১৩ হাজার ৯১৭ পিস ইয়াবা, ২ হাজার ৪ বোতল বিদেশি মদ, ২০০ গ্রাম হেরোইন, ৮৫ বোতল ফেনসিডিল, ৭৩৪ লিটার চোলাই মদ, ১৮ হাজার ২৬০ লিটার ওয়াশ (মদ তৈরির উপকরণ) এবং ৬০ লিটার ডি-এস জব্দ করা হয়। এ সকল মাদক জব্দের ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত ২৪৪টি মামলা দায়ের করা হয়। ১৮৮টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। মোট মামলার সংখ্যা ছিলো ৪৩২টি। এর মধ্যে সিলেট জেলায় ৫১০টি, সুনামগঞ্জ জেলায় ২৩৪টি, হবিগঞ্জ জেলায় ২৮৩টি ও মৌলভীবাজার জেলায় ৩২২টি অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে একটি প্রাইভেট কার, বাস, মাইক্রোবাস, পিকআপ ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশা জব্দ করা হয়।

গেল বছর জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত আট মাসে ১ হাজার ৩৫৩টি অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৬৭টি নিয়মিত মামলা দায়ের করা হয়। ভ্রাম্যমাণ আদালতের সংখ্যা ২৪১টি। মোট মামলার সংখ্যা ৪০৮টি। অভিযানকালে ২২৫ দশমিক ৬০০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এছাড়াও ১ হাজার ৩৩৫ বোতল বিদেশি মদ, ২ হাজার ২৮৭ পিস ইয়াবা, ৮ গ্রাম হেরোইন, ১১৩ বোতল ফেনসিডিল, ৭০২ লিটার চোলাই মদ, ৬ হাজার লিটার ওয়াশ, ১ হাজার ৭৪৫ লিটার ডিএস ও ৯০ লিটার পঁচুই আটক করা হয়। এছাড়া একটি পিকআপ ভ্যান ও ২টি সিএনজিচালিত অটোরিকশা জব্দ করা হয়। গত বছরের ৮ মাসে সিলেট জেলায় ৪৩১টি, সুনামগঞ্জ জেলায় ২৮৪টি, হবিগঞ্জ জেলায় ২৫৬টি ও মৌলভীবাজার জেলায় ৩৮২টি অভিযান পরিচালনা করা হয়।

গেল বছরের তুলনায় চলতি বছর মাদকের আগ্রাসন ভয়াবহ রূপ নিয়েছে। কেবল দুই বছরের অভিযানে জব্দ করা মাদকদ্রব্যের হিসেব মেলালে এ তথ্য পাওয়া যায়।

এ বিষয়ে সুশাসনের জন্য নাগরিক-সুজন সিলেট জেলা শাখার সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী বলেন, মাদকের আগ্রাসন দিন দিন বাড়ছে। এর ফলে অভিভাবকরা উদ্বিগ্ন। মাদক নিয়ন্ত্রণে কেবল মাদক ব্যবসায়ীদেরই নয়, তাদের গড ফাদারদেরকেও গ্রেফতার করে বিচারের মুখোমুখি করতে হবে। আইনের সঠিক প্রয়োগ হলে মাদক নিয়ন্ত্রণে আসবে।

Related Articles

Back to top button