কানাইঘাট দূর্গাপুর স্কুল এন্ড কলেজে ডাকাতিকালে ৩ ডাকাত আটক


কানাইঘাট প্রতিনিধি: সিলেটের কানাইঘাট উপজেলার দূর্গাপুর হাই স্কুল এন্ড কলেজের ‘শেখ রাসেল কম্পিউটার ল্যাব’ ডাকাতিকালে এলাকাবাসীর সহযোগীতায় ৩ ডাকাতকে আটক করেছে কানাইঘাট থানা পুলিশ।
এদিকে ডাকাতদের হামলায় গুরুতর আহত হয়েছেন স্কুল প্রহরী আলাউদ্দিন (৪০)।
আটককৃতরা হল, কোম্পানীগঞ্জ উপজেলার দক্ষিণ কলাবাড়ি গ্রামের আব্দুল হাসিমের ছেলে হারুন রশীদ (২৫), হুমায়ূন রশীদ (২০) এবং মো: মামুনুর রশীদ (২০)। এছাড়া ঘটনাস্থল থেকে পুলিশ ডাকাতির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করে।
জানা যায়, শুক্রবার (০২ ফেব্রুয়ারি ) রাত অনুমানিক দশ ঘটিকায় দূর্গাপুর হাই স্কুল এন্ড কলেজে নতুন দুতলা ভবনের তালা ভেঙ্গে শেখ রাসেল কম্পিউটার ল্যাব ডাকাতি করতে ঢুকে পড়ে একদল ডাকাত।
উল্লেখ্য, কম্পিউটার ল্যাবে ১৭টি অত্যাধুনিক কম্পিউটার সহ অন্তত দশ লক্ষ টাকার মালামাল ছিল। ডাকাতদের উপস্থিতি টের পেয়ে স্কুল প্রহরী আলাউদ্দিন এগিয়ে গেলে ডাকাতরা তাকে হামলা করে।

তখন তিনি চিৎকার করলে এলাকাবাসী এগিয়ে এসে তাকে উদ্ধার করে।বর্তমানে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপালে ভর্তি করা হয়েছে।
ধারণা করা হচ্ছে, আটককৃত ডাকাতরা ছাড়াও আরো কয়েকজন ডাকাত এদের সাথে থাকতে পারে কিন্তু এদের আটক করা সম্ভব হয়নি।
দূর্গাপুর হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নূর মোহাম্মদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘এরকম ভয়াবহ ঘটনা একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানে ঘটবে তা আমি কখনো কল্পনাও করিনি। এই ঘটনায় আমাদের সহকারী প্রধান শিক্ষক মামুনুর রশীদকে বাদী করে আমরা (০৩ ফেব্রুয়ারি) মামলা করব’।
কানাইঘাট থানার এসআই পান্না লাল দেব জানান, ‘শেখ রাসেল কম্পিউটার ল্যাব ডাকাতিকালে তিন ডাকাতকে আমরা আটক করেছি। যেহেতু এখানে সরাসরি একটি প্রতিষ্ঠান সম্পৃক্ত তাই বিষয়টি আমরা অত্যান্ত গুরুত্বের সাথে দেখছি’।
এছাড়া দূর্গাপুর হাই স্কুল এন্ড কলেজের গর্ভনিং বডির সভাপতি মুবশ্বির আলী চাচাই ঘটনায় দোষীদের দৃষ্টান্ত মূলক শাস্তি দাবী করেন।




