বাস দুর্ঘটনায় ২৯ শিক্ষার্থীর মৃত্যু


আন্তর্জাতিক ডেস্ক : তানজানিয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাথমিক স্কুল পড়ুয়া কমপক্ষে ২৯ শিক্ষার্থী নিহত হয়েছে। শিক্ষার্থীদের সবার বয়স ১২ থেকে ১৪ বছর। তার সবাই মাধ্যমিকে ভর্তি হওয়ার আগে টেস্ট পরীক্ষা দিতে যাচ্ছিল।
দুর্ঘটনায় ২ শিক্ষক ও গাড়ির চালক নিহত হয়েছে বলে জানা গেছে।
শনিবার (০৬ মে) শিক্ষার্থীদের বহনকারী বাসটি রাস্তা থেকে ছিটকে গেলে দুর্ঘটনার কবলে পড়ে।
দেশটির উত্তরাঞ্চলের আরুশা শহরের লাকি ভিনসেন্ট প্রাইমারি স্কুলের পরিচালক ইনোসেন্ট মুশি গণমাধ্যমকে জানিয়েছেন, নিহত শিক্ষার্থীদের মধ্যে ১২ জন ছেলে ও ১৭ জন মেয়ে।
তিনি আরও বলেন, এটা খুবই দুর্ভাগ্যজনক, খুব মর্মান্তিক। উদ্ধারকর্মীরা ঘটনাস্থল থেকে ৩ জনকে জীবিত উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
এদিকে নিহত শিক্ষার্থীদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তানজানিয়ার প্রেসিডেন্ট জন মাগুফুলি।
সমবেদনা জানাতে গিয়ে প্রেসিডেন্ট বলেন, ‘এই দুর্ঘটনাটা আমাদের জাতির জন্য শোকের। আমাদের স্বপ্নগুলো ঝরে গেছে অকালে।’ খবর: এএফপি।




