এমসি কলেজে ছাত্রলীগের দু’গ্রুপে সংঘর্ষ


নিজস্ব প্রতিবেদক : সিলেটের ঐতিহ্যবাহী মুরারী চাঁদ (এমসি) কলেজ ক্যাম্পাসে ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন ছাত্রলীগের বিবাদমান দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। দুই দফায় ধাওয়া ধাওয়া হলেও ক্যাম্পাসে প্রবেশ করতে পারেনি মহানগর আওয়ামী লীগ নেতা সিটি কাউন্সিলর আজাদ সমর্থিত গ্রুপের নেতাকর্মীরা।
ফলে তারা টিলাগড় পয়েন্ট এলাকায় অবস্থান নিয়েছে। অন্যদিকে হিরণ-জাহাঙ্গির-মিঠু সমর্থিত গ্রুপের অনুসারিরা কলেজ ক্যাম্পাসে অবস্থান নিয়েছে।
বৃহস্পতিবার (৪ জানুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। তবে, সকাল থেকেই কলেজ ক্যাম্পাসসহ পার্শ্ববর্তী টিলাগড় এলাকায় উত্তেজনা বিরাজ করছিল। এ কারণে পুলিশ, র্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সেখানে সতর্ক অবস্থানে রয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাজ করছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ছাত্রলীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কলেজ ক্যাম্পাসে আনন্দ র্যালি বের করে হিরণ-জাহাঙ্গির-মিঠু সমর্থিত গ্রুপের নেতাকর্মীরা। এসময় দীর্ঘদিন থেকে ক্যাম্পাসের বাহিরে থাকা আজাদ সমর্থিত গ্রুপের নেতাকর্মীরা মিছিল নিয়ে কলেজ ক্যাম্পাসে প্রবেশের চেষ্ঠা করে। ফলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
এর আগে মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মুশফিক জায়গীরদারের নেতৃত্বে আজাদ গ্রুপের নেতাকর্মীরা মিছিল এমসি কলেজে প্রবেশের চেষ্টা করলে পুলিশের বাধায় ফিরে যায়। কিছুক্ষণ পরে দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে আবার এমসি কলেজে ঢোকার চেষ্টা করলে ক্যাম্পাসের ভিতরে থাকা অন্য গ্রুপের নেতাকর্মীরা তাদের ধাওয়া দিয়ে টিলাগড় পয়েন্ট পর্যন্ত নিয়ে যায়। এসময় দুই দফায় ধাওয়ার ঘটনা ঘটে।
হিরণ-জাহাঙ্গির-মিঠু সমর্থিত গ্রুপের অনুসারি সিলেট জেলা ছাত্রলীগের সাবেক পরিবেশ বিষয়ক সম্পাদক সাদিকুর রহমান বলেন, ‘আমরা কলেজের নিয়মিত ছাত্রদের নিয়ে ক্যাম্পাসে আনন্দ র্যালি বের করি। কিন্তু বহিরাগত অছাত্রদের নিয়ে তারা আমাদের আয়োজনকে বানচাল করার চেষ্টা করেছিল। এ কারণে তাদের ধাওয়া দিয়ে ক্যাম্পাসের বাহিরে বের করে দেয়া হয়েছে।’ বর্তমানে তারা ক্যাম্পাসের ভিতরে অবস্থান করছেন বলেও জানান তিনি।
এ ব্যাপারে সিলেট মহানগর পুলিশের শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন জানান, পুলিশ টিলাগড় এলাকায় সতর্ক অবস্থানে রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা।




