রাজনীতি

ছাত্রলীগ নামা পর্ব-৩: নগর থেকে গ্রাম চোরাইপণ্যের রমরমা ব্যবসা!

খালেদুর রহমান : সিলেটে বিতর্ককে যেন সঙ্গী করেই রাখছে সরকারদলীয় সংগঠন ছাত্রলীগ। দুয়েকজন শীর্ষ নেতার মদদে ছাত্রলীগ দিন দিন বেপরোয়া হয়ে উঠছে। নিয়ন্ত্রণহীন সিলেট ছাত্রলীগের চোরাচালানের রমরমা ব্যবসা নগর ছাড়িয়ে গ্রামেও ছড়িয়ে পড়েছে। চিনি চোরাচালানের পাশাপাশি মাদক ও অস্ত্রের চড়াচড়িতে জনমনে আতংক বিরাজ করছে। বিপদগামী হচ্ছে স্কুল কলেজের শিক্ষার্থীরা।
অনুসন্ধানে জানা গেছে, ভারতের সঙ্গে সিলেটের বিস্তীর্ণ সীমান্তের বিভিন্ন পয়েন্ট দীর্ঘদিন ধরেই চোরাচালানের নিরাপদ রুট হিসেবে ব্যবহার হয়ে আসছে। চিনিসহ বিভিন্ন ভারতীয় পণ্য চোরাইপথে দেশে নিয়ে আসে চোরাকারবারীরা। চোরাচালানের জন্য সিলেটজুড়ে গড়ে উঠেছে একটি সিন্ডিকেট।
এই সিন্ডিকেটের সঙ্গে যুক্ত রয়েছেন ছাত্রলীগ-যুবলীগসহ ক্ষমতাসীন আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। দীর্ঘ ১২ বছরের বেশি সময় ক্ষমতায় থাকার সুবাদে তারা সীমান্তের এসব পয়েন্টকে চোরাচালানের স্বর্গরাজ্য বানিয়ে ফেলেছেন। আগে চিনি আসলেও এর সাথে এখন যুক্ত হয়েছে মাদক ও আগ্নেয়াস্ত্র।
একাধিক সূত্রের ভাষ্যমতে, মধ্যরাত থেকে ভোরের মধ্যে দুটো আঞ্চলিক মহাসড়ক দিয়ে ট্রাক ও পিকআপে চিনি, মাদক ও অস্ত্রের চালান সিলেটে ঢোকে। গোয়াইনঘাট, কানাইঘাট ও জৈন্তাপুর সীমান্তের চিনি তামাবিল-সিলেট আঞ্চলিক মহাসড়ক এবং কোম্পানীগঞ্জ ও গোয়াইনঘাট (একাংশ) সীমান্তের এসব চোরাইপণ্য ভোলাগঞ্জ-কোম্পানীগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়ক দিয়ে সিলেটে আসে।
পুলিশ জানায়, দেড় মাসের আগে সিলেটে চিনি চোরাচালানে সম্পৃক্ততার অভিযোগে ছাত্রলীগের অন্তত আটজন গ্রেপ্তার করা হয়। ১৬ ফেব্রুয়ারী চিনি জব্দের ঘটনায় জৈন্তাপুরে নিজপাট ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনসুর আহমদকে আসামি করা হয়। বিয়ানীবাজারে চিনির ট্রাক লুটের ঘটনায় ১৪ ফেব্রুয়ারী উপজেলা ও পৌর শাখা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। এরপরই সেখানকার দুই নেতাকে গ্রেপ্তার করে পুলিশ। ১৫ ফেব্রুয়ারী বিকেলে জকিগঞ্জে ছাত্রলীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে ৩২ বস্তা চিনি ছিনতাইয়ের অভিযোগ ওঠে। এরপর মহানগর আওয়ামী লীগের সভাপতি মাসুক উদ্দিন আহমদও ছাত্রলীগের চিনি চোরাচালান নিয়ে কথা বলেন।
সিলেটের ভারপ্রাপ্ত পুলিশ কমিশনার জোবায়েদুর রহমান বলেন, চোরাই চিনি জব্দে নিয়মিত অভিযান চালাচ্ছে পুলিশ। কাউকেই ছাড় দেওয়া হচ্ছে না। যাঁদের বিরুদ্ধেই অভিযোগ আসছে, তাঁদের বিরুদ্ধেই ব্যবস্থা নিচ্ছে। ভবিষ্যতেও নেবে।

Related Articles

Back to top button