দৈনিক সিলেটের ডাক-এর ডিক্লারেশন বাতিল


ডেস্ক রিপোর্ট : কারাবন্দী সিলেটের শিল্পপতি রাগীব আলীর মালিকানাধীন দৈনিক সিলেটের ডাক-এর ডিক্লারেশন বাতিল করা হয়েছে। রোববার দুপুরে সিলেটের জেলা প্রশাসক বিষয়টি নিশ্চিত করে জানান, ডিক্লারেশন বাতিল হয়ে যাওয়ায় পত্রিকাটি এখন থেকে আর প্রকাশ করা যাবে না।
এদিকে, পত্রিকাটির ভারপ্রাপ্ত সম্পাদক আব্দুল হান্নান জানান, রোববার বিকালে ডিক্লারেশন বাতিলের চিঠি পান তারা। এ ব্যাপারে আইনজীবীদের পরামর্শ করে পরবর্তী পদক্ষেপ নিচ্ছেন।
তিনি জানান, মামলায় রাগীব আলী ও তার ছেলে অভিযুক্ত হওয়ার পর পত্রিকাটির ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশের দায়িত্বে রয়েছেন তিনি। এ সংক্রান্ত কাগজপত্রও জেলা প্রশাসকের কার্যালয়ে জমা দেয়া হয়েছে।
তিনি জানান, সিলেটের ডাক-সিলেটের একটি জনপ্রিয় পত্রিকা। পত্রিকাটির প্রায় ২৫ হাজার সার্কুলেশন রয়েছে। পত্রিকার বিভিন্ন বিভাগে প্রায় শতাধিক স্টাফ কর্মরত আছেন। ডিক্লারেশন বাতিল হয়ে যাওয়ায় বেকার হয়ে পড়বে এসব কর্মীও।




