যে চ্যানেলে দেখা যাবে ত্রিদেশীয় সিরিজ


ক্রীড়া ডেস্ক: আগামী জুনে ইংল্যান্ডের মাটিতে অনুষ্ঠিত হবে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি। ওই টুর্নামেন্টের প্রস্তুতি হিসেবে মে মাসে আয়ারল্যান্ডের মাটিতে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ। আর এই সিরিজের সবগুলো ম্যাচ বাংলাদেশ সময় বিকাল পৌনে ৪টায় শুরু হবে। ম্যাচগুলো ডাবলিন থেকে সরাসরি দেখাবে বেসরকারি টেলিভিশন মাছরাঙা।
ত্রিদেশীয় সিরিজের সূচি অনুযায়ী আগামী ১২ মে বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যকার প্রথম ম্যাচ দিয়ে শুরু হবে ত্রিদেশীয় সিরিজ। ১৪ মে দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে আয়ারল্যান্ড ও নিউজিল্যান্ড। ১৭ মে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলবে বাংলাদেশ। ১৯ মে আয়ারল্যান্ডের সঙ্গে খেলবে বাংলাদেশ। ২১ মে আয়ারল্যান্ডের মুখোমুখি হবে নিউজিল্যান্ড। আর ২৪ মে শেষ ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলবে বাংলাদেশ।
প্রসঙ্গত, বৃহস্পতিবার ইংল্যান্ডের মাটিতে পা রাখবে মাশরাফি বাহিনী। সেখানে পৌঁছে সাসেক্সে দশ দিনের অনুশীলন ক্যাম্পে যোগ দেবেন টাইগাররা। এর মাঝে স্থানীয় দুই দলের সঙ্গে দুটি প্রস্তুতি ম্যাচও খেলবে মাশরাফির দল।




