কবি মুহিত চৌধুরীর জন্মদিনে সিলেট মিডিয়া পরিবারের শুভেচ্ছা


নিজস্ব প্রতিবেদক : মুহিত চৌধুরী। একাধারে কবি, সাহিত্যিক, গল্পকার, সাংবাদিক, সম্পাদক, গবেষক, গীতিকার, নাট্যকার, সংগঠক। যে উপাধিই এই নামের সাথে বসানো হয়না কেন প্রত্যেকটি উপাধিই মিলে যায়। সিলেটের অনলাইন সাংবাদিকতার আইকন মুহিত চৌধুরী সিলেট অনলাইন প্রেসক্লাব-এর প্রতিষ্ঠাতা সভাপতি, দৈনিকসিলেট ডটকম ও মাসিক বিশ্ববাংলার সম্পাদক। আজ তাঁর জন্মদিন।
জন্মদিন উপলক্ষে কবি মুহিত চৌধুরীকে সিলেট মিডিয়া পরিবারের পাশাপাশি শুভেচ্ছা জানিয়েছেন সম্পাদক মিসবাহ মনজুর।
তিনি বিশেষ এক বার্তায় জানান, আল্লাহ যেন কবি মুহিত চৌধুরীর দুনিয়া ও আখেরাতের মংল করেন।
সিলেটে অনলাইন সাংবাদিকতার পথিকৃৎ মুহিত চৌধুরী ২০১৪ সালের ৮ জুলাই প্রতিষ্ঠা করেন সিলেট অনলাইন প্রেসক্লাব।
মুহিত চৌধুরী ১৯৬০ সালের ২রা নভেম্বর সিলেটের বিয়ানীবাজার উপজেলার চক্রবাণী গ্রামে তিনি জন্মগ্রহন করেন। দশম শ্রেণীর ছাত্র থাকাকালে লেখেন গল্পের বই ’আঁখি ভরা জল’ এবং নাটক ’প্রতিশোধ নেব না’। আশির দশকে মুহিত চৌধুরী একজন শক্তিমান কবি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন এসময় তাঁর লেখালেখির মাত্রা বেড়ে যায় । জাতীয় ও স্থানীয় পত্রিকায় নিয়মিত লেখা ছাপা হতে থাকে।
এপর্যন্ত কবি মুহিত চৌধুরীর ১১টি বই বেরিয়েছে। এগুলো হচ্ছে প্রতিশোধ নেব না (নাটক), সানাই কথা বললো না (কবিতা), নির্লেজ্জর লজ্জা (কবিতা), আমেরিকায় বাংলা সাহিত্য ও সংস্কৃতি (গবেষণা), যদি ভালোবাসা মরে যায় (কবিতা), সহজ হজ্জ্ব গাইড(ধর্ম বিষয়ক), ফিরে আসা (উপন্যাস), কসম সিনাই পর্বতের (কবিতা), পাখি গেলে পোকার বাস (গীতি সংকলন), বাংলাদেশে অনলাইন সাংবাদিকতা, এইঘর এই মন (উপন্যাস)।
কবি মুহিত চৌধুরী গীতি সংকলন প্রসঙ্গে বিশিষ্ট গবেষক প্রফেসর নন্দলাল শর্মা বলেছেন-’সিলেট হল গানের স্বপ্নরাজ্য। এই রাজ্যে এখনও বিচরন করছেন মরমী ফকির। সংসার বিবাগী না হয়েও অনেকে মরমী রাজ্যে বিচরণ করে আমাদের সংগীত জগতকে সমৃদ্ধ করেছেন। একুশ শতকে এসেও মরমী গানের ধারা সিলেটে সজীব ও প্রবাহমান। এ ধারার একজন উল্লেখযোগ্য গীতিকবি মুহিত চৌধুরী। কবি গীতিকার-ঔপন্যাসিক-নাট্যকার-গবেষক ও সম্পাদক নানা পরিচয় তার। দীর্ঘকাল ধরে তিনি গান লিখেছেন। মরমীগান, পল্ল্লীগীতি আধুনিক প্রভৃতি বিচিত্র ধরনের গান তিনি সমান দক্ষতায় লেখেন। বাংলাদেশ বেতারের তিনি একজন প্রসিদ্ধ গীতিকার ও নাট্যকার। ১৯৯৫ সালে একটি মানবতাবাদী কবিতা লিখে যুক্তরাষ্ট্রের ’দ্যা ন্যাশনাল লাইব্রেরী অব পোয়েট্রি’ থেকে তিনি এডিটর চয়েজ এওয়ার্ড পান। কবির পরিচিতসহ কবিতাটি ন্যাশনাল লাইব্রেরী তাদের ’স্পার্কলেস ইন দ্যা সেন্ড’ নামক বিশাল কাব্যসংকলনে প্রকাশ করে।
জন্মদিন উপলক্ষে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় সিলেট অনলাইন প্রেসক্লাবের ড.রাগীব আলী মিলনায়তনে আয়োজন করা হয়েছে এক সংবর্ধনা সভার। রাত ৯টায় মুসলিম সাহিত্য সংসদের সাহিত্য আসর কক্ষে অনুষ্ঠিত হবে এক সুহৃদ সম্মেলন।
সিলেটে অনলাইন সাংবাদিকতার এই পথিকৃৎ-এর জন্মদিনে সিলেটের জনপ্রিয় অনলাইন নিউজপোর্টাল আজকের সিলেট ডটকম-এ কর্মরত সকল সাংবাদিক, কর্মকর্তা ও কর্মচারীদের পক্ষ থেকে রইল অনেক অনেক শুভেচ্ছা। এই দিনটি আপনার জীবনে ফিরে আসুক হাজারো বার। শুভ জন্ম দিন। শুভ জন্মদিন মুহিত ভাই।




