শেষ জন্মদিনে যা করেছিলেন কিংবদন্তী নায়ক রাজ (ভিডিও)


বিনোদন ডেস্ক: ২৩ জানুয়ারি, এই দিনটি ছিলো চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক রাজ্জাকের ৭৫তম জন্মদিন। জীবনের শেষ জন্মদিনটি প্রায় সবাইকে নিয়েই কাটিয়েছিলেন তিনি।
জন্মদিনে রাজধানীর গুলশানে রাজ্জাকের বাসায় পারিবারিকভাবে আয়োজিত ঘরোয়া অনুষ্ঠানে রাত ১২টা ১ মিনিটে কেক কাটেন রাজ্জাক। পরিবারের সঙ্গে ঘরোয়াভাবে দিনটি পালন করলেও চলচ্চিত্রাঙ্গনের নির্মাতা থেকে শিল্পী ও কলাকুশলীদের অনেকেই তাকে বাড়িতে গিয়ে শুভেচ্ছা জানিয়েছিলেন।
জন্মদিনে বাসায় সারাদিন শুভেচ্ছা বিনিময় ছাড়াও বিভিন্ন টিভি চ্যানেলের অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন তিনি। রাজ্জাকের ৭৫তম জন্মদিন উপলক্ষে যে অনুষ্ঠান আয়োজন করা হয়েছিলো তাতে দেখা গেছে বিনোদন অঙ্গনের সব তারকাকেই। অনুষ্ঠান শেষে নায়িকা নতুন ও অঞ্জনা অনুষ্ঠানস্থল মাতিয়ে রেখেছিলেন তাদের গানে। করছিলেন অনেক হাসি তামাশা আর দুষ্টুমি।
সেটিই ছিল বাংলাদেশের চলচ্চিত্রের মহানায়কের শেষ জন্মদিন। শেষ জন্মদিনেও তরুণের মতোই উচ্ছ্বসিত ছিলেন বাংলাদেশের চলচ্চিত্রের এই চির সবুজ রোমান্টিক হিরো। দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টে ভুগলেও জন্মদিনের আনন্দ যেন ভুলিয়ে দিয়েছিল সকল শারীরিক কষ্ট।
বয়সে তরুণ শিল্পীদের সঙ্গেও ছিলো তার দারুণ সখ্যতা। চলচ্চিত্র জগতে সবার কাছে তিনি বাংলাদেশের মহানায়ক। কেউ কেউ তাকে ডাকেন রাজ্জাক সাহেব, জুনিয়ররা ভালোবেসে রাজ্জাক আঙ্কেল। তাদেরই একজন চিত্রনায়িকা মৌসুমী। জন্মদিনের উৎসবে তিনি তার রাজ্জাক আঙ্কেলের সঙ্গে মেতে ছিলেন হাসি-ঠাট্টায়।
১৯৬৪ সালে জন্মস্থান কলকাতার টালিগঞ্জ থেকে ঢাকায় পাড়ি জমান আব্দুর রাজ্জাক, নিজের অভিনয়ে প্রতিভায় মুগ্ধ চলচ্চিত্রকে মাতিয়ে ক্রমান্বয়ে তিনি পরিণত হোন নায়ক রাজ রাজ্জাকে।




