কানাইঘাটে প্রবীণ শিক্ষক আলী আহমদকে সংবর্ধনা প্রদান


মিছবা উল হক চৌধুরী, (কানাইঘাট থেকে): সব ফুল গন্ধ বিলায় না, সব ফুল দেবতার আরাধ্য নয়, সব কথা মনে থাকবে না, সব ঘটনা স্মৃতি নয়। কিছু কিছু শব্দ আছে স্লোগান হয় কিছু কিছু শব্দ আছে যা প্রেরণা যোগায়। অনেক কাজে মানুষ বড় হয় – তোমাদের আজকের এই স্যার (আলি আহমদ) তার কাজ দিয়ে তিনি কিন্তু সবার কাছে অনেক বড় মানুষ। গত রবিবার (২১ জানুয়ারী) সিলেটের কানাইঘাট উপজেলায় বিষ্ণুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ‘আলী আহমদ সংবর্ধনা পরিষদ’ কর্তৃক আয়োজিত সদ্য অবসরে যাওয়া প্রবীণ শিক্ষক আলী আহমদ স্যারের বিদায় সংবর্ধনায় প্রধান অতিথির বক্তৃতায় উপরোক্ত কথাগুলো বলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, সিলেট বিভাগ এর উপ পরিচালক তাহমিনা খাতুন। বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র খম্পুর বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল করিমের সঞ্চালনায় বিষ্ণুপুর গ্রামের সর্বজন শ্রদ্ধেয় মুরব্বী আবু লেইস চৌধুরীর সভাপতিত্বে প্রবীণ শিক্ষক আলী আহমদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রাথমিক শিক্ষা, সিলেট বিভাগের সহকারি বিভাগীয় উপ-পরিচালক কামরুল ইসলাম, জেলা প্রাথমিক সহকারি শিক্ষা অফিসার হাসিনা ইয়াসমিন, সহকারি উপজেলা শিক্ষা অফিসার শাহিন মাহবুব ও গোপাল চন্দ্র সূত্রধর এবং স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি মামুন রশিদ চৌধুরী। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ক্বারী দেলোয়ার হুসাইন। এর পর ‘আলী আহমদ সংবর্ধনা পরিষদ’ এর সভাপতি চিত্রশিল্পী ভাণু লাল দাসের শুভেচ্ছা বক্তব্যের পর প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন ইয়াহইয়া তানজিল, চটিগ্রাম প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আজির উদ্দিন, আবুল বাশার। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কানাইঘাট পৌরসভার ৯নং ওয়ার্ডের কমিশনার শাহাবুদ্দিন আহমেদ, শিক্ষক সমিতি নেতা আহমদ হোসেন চৌধুরী, শিক্ষক ছয়ফুল আলম মাসুক, প্রধান শিক্ষক সমিতির সভাপতি আব্দুল লতিফ চৌধুরী, সহকারি শিক্ষক সমিতির সেক্রেটারি রশিদ আহমদ। অনুষ্ঠানে বক্তারা শিক্ষক আলী আহমদের কর্মজীবনের ত্যাগ ও পরিশ্রমের উচ্ছ্বসিত প্রশংসা করেন। তারা আরো বলেন, আদর্শ সমাজ ও জাতি গঠনে এরকম নিবেদিত প্রাণ শিক্ষকের বড়ই প্রয়োজন। তারপর একে একে মানপত্র পাঠ করে বিষ্ণুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্র আহনাফ তাহমিদ শাহি, প্রাক্তন ছাত্র ইশতিহাক হাসান মাহিন এবং স্কুলের শিক্ষকদের পক্ষে মানপত্র পাঠ করে সহকারী শিক্ষিকা আঁখি রাণী দাস। শিক্ষকের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে কবিতা পাঠ করেন বিষ্ণুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক দেলোয়ার হোসেন চৌধুরী , প্রাক্তন ছাত্র আল মাহমুদ। সংবর্ধনা অনুষ্ঠানে, প্রবীণ শিক্ষক আলী আহমদকে গ্রামবাসীর পক্ষ হতে এক লক্ষ টাকার চেক ও বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করা হয়। এসময় সংবর্ধিত শিক্ষক আলী আহমদ তার সকল ছাত্রছাত্রীর কাছে দোয়া প্রার্থনা করেন এবং কর্মজীবনে (৩৫ বছর ৮ মাস) সহযোগিতার জন্য গ্রামবাসীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।




