
নিউজ ডেস্ক:
ইসলামি বক্তা আবু ত্ব-হা মোহাম্মদ আদনান ও তার দুই সঙ্গীকে আদালতে তোলা হয়েছে। শুক্রবার (১৮ জুন) রাতে তাদেরকে রংপুর মহানগর আদালতে নেয়া হয়।
সাধারণ নিবন্ধন কর্মকর্তা হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
কোর্ট ইন্সপেক্টর নাজমুল ইসলাম জানান, ত্ব-হাকে রংপুর মেট্রোপলিটন ডিবি কার্যালয় থেকে রাত সাড়ে ৯টার দিকে আদালতে আনা হয়েছে। মেট্রোপলিটন জুডিশিয়াল আদালতের বিচারক কেএম হাফিজুর রহমানের আদালতে জবানবন্দি দিচ্ছেন তিনি।
এর আগে রংপুর শুক্রবার দুপুরে ত্ব-হাকে গাইবান্ধার গোবিন্দগঞ্জ থেকে উদ্ধার করা হয়। এরপর বেলা ৩টার দিকে রংপুরের আবহাওয়া অফিসের মাস্টারপাড়ায় ত্ব-হার শ্বশুর আজহারুল ইসলামের বাড়ি থেকে পুলিশ তাকে বের করে নিয়ে যায়।
তবে খোকন নামে এক স্থানীয় বাসিন্দা জানান, শুক্রবার দুপুর ১২টার দিকে তিনি মাস্টারপাড়ায় তাকে দেখেন। কিন্তু ত্ব-হা সে সময় কোনো কথা বলেননি। মুখে আঙুল দিয়ে চুপ থাকতে বলেন।
১০ জুন থেকে চার সহযোগীসহ নিখোঁজ হন ত্ব-হা। কোথা থেকে কীভাবে নিখোঁজ হন, এমন তথ্য দিতে পারছিল না আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও।
অনেকে অভিযোগ তুলছিল, সমসাময়িক অন্যান্য ইস্যুতে আন্তরিকতা দেখালেও ত্ব-হার নিখোঁজের বিষয়ে তেমন কোনো তৎপরতা দেখাচ্ছে না সরকার। এই নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক সমালোচনা হচ্ছিল।




