কুষ্টিয়ায় ৫ ইটভাটা মালিককে সাড়ে ৬ লাখ টাকা জরিমানা


এস.এম.আবু ওবাইদা-আল- মাহাদী, কুষ্টিয়া: কুষ্টিয়ায় ইটভাটায় অবৈধ কাঠ পোড়ানোর অভিযোগে ৫ টি ইটভাটা মালিককে ৬ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। সোমবার দিনব্যাপী মিরপুর ও কুমারখালী উপজেলায় এ অভিযান চালানো হয়। কুমারখালী উপজেলার বরইচারা এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা প্রদান করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মো: শাকিব আল রাব্বী।
আদালত সূত্রে জানা গেছে, সরকারী নিষেধ অমান্য করে কুমারখালী উপজেলার বরইচারা এলাকার এনএসবি ব্রিক্স নামক ইটভাটায়
দেদারছে অবৈধ কাঠ পোড়ানো হচ্ছে, এমন অভিযোগে সোমবার দুপুরে নির্বাহী ম্যাজিষ্ট্রেট -এর মো: শাকিব আল রাব্বী নেতৃত্বে জেলা পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মুন্সী মোঃ মনিরউজ্জামান ও পরিদর্শক আব্দুল গফুর, সার্ভেয়ার জহিরুল ইসলাম ইটভাটায় অভিযান চালায়। এ সময় ইটভাটায় অবৈধ কাঠ পোড়ানোর দায়ে ইটভাটা মালিক নাজিম উদ্দিনকে ২ লাখ টাকা জরিমানা
করেন এবং ২ হাজার ৯শ মন কাঠ জব্দ করা হয়। জব্দকৃত কাঠ নিলামে বিক্রি করা হবে বলে জানান পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা। অন্যদিকে, কুষ্টিয়ার মিরপুরে ইট ভাটায় অভিযান চালিয়ে চারটি ইট ভাটার মালিককে জরিমানা করেছে ভ্রাম্যমান
আদালত। সোমবার সকালের দিকে উপজেলার বারুইপাড়া ইউনিয়নের বিভিন্ন ইটভাটায় অভিযান পরিচালনা করেন মিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সুবর্ণা রানী সাহা। এসময় তিনি জানান, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রন) আইন, ২০১৩ এর ৬ ধারা মোতাবেক ইট পোড়ানোর কাজে জ্বালানী কাঠ ব্যবহারের অপরাধে মেসার্স এ কে বি ব্রিকস এর মালিক এনামুল হককে ১ লক্ষ টাকা, মেসার্স আক্কাস ব্রিকস এর মালিক শাহীন আলীকে ১ লক্ষ টাকা, মেসার্স পি পি আর ব্রিকস এর মালিক হাজ্বী নুরুল ইসলামকে ১ লক্ষ ৫০ হাজার টাকা এবং মেসার্স এম আর বি ব্রিকস এর মালিক শরিফুল ইসলামকে ১ লক্ষ টাকা সহ মোট ৪ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। একই সাথে ইটভাটায় কাঠ ব্যবহার নিষিদ্ধ করেন।



