সিলেট বিভাগ

নবীগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি

নিউজ ডেস্ক:
নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের বান্দের বাজারে লন্ডন প্রবাসী মায়াজ উল্লার ভাড়াটিয়া বাসায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনের লেলিহান শিখায় সম্পূর্ণ বাসা ভস্মিভূতসহ আসবাবপত্র, স্বর্ণালংকার, নগদ টাকা, হাঁস, মোরগ পুড়ে গেছে।

বৃহস্পতিবার (০৪ মার্চ) সন্ধ্যা সাড়ে সাত টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ১৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এলাকাবাসী সূত্রে জানা যায়, শ্রীমঙ্গল উপজেলার রান্ধুবাপুর গ্রামের কৃতিশ বৈদ্যর পুত্র শ্রীকান্ত বৈদ্য (৩৪) বিগত প্রায় ১০/১২ বছর ধরে ইনাতগঞ্জ ইউনিয়নের নাদামপুর গ্রামের লন্ডন প্রবাসী মায়াজ উল্লার বান্দের বাজারস্থ বাসা ভাড়া নিয়ে পরিবারসহ বসবাস করে আসছেন। পেশায় তিনি সেলুন ব্যবসায়ী। বান্দের বাজারেই তার ব্যবসা প্রতিষ্ঠান। অগ্নিকাণ্ডের সময় তার স্ত্রী-সন্তান বাসায় ছিলেন না। তিনিও ছিলেন দোকানে।

বৃহস্পতিবার (০৪ মার্চ) সন্ধ্যা সাড়ে সাত টার দিকে বান্দের বাজারের লোকজন ওই বাসায় আগুন দেখতে পান। সাথে সাথে স্থানীয় লোকজন পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। কিন্তু যত সময় যায় আগুনের তীব্রতা বাড়তে থাকে। অবশেষে এলাকাসীর প্রচেষ্টায় প্রায় ১ ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। কিন্ত ঘরসহ কোন কিছুই রক্ষা করা সম্ভব হয়নি। আগুন নিয়ন্ত্রণে আসার পর নবীগঞ্জ ফায়ার সার্ভিসের লোকজন ঘটনা স্থলে ছুটে আসেন। তারাও আগুন নিভানোর কাজে অংশ নেন।

ক্ষতিগ্রস্ত শ্রীকান্ত বৈদ্য জানান, তার বিদেশ যাওয়ার তীল তীল করে জমানো তিন লক্ষ টাকা, স্বর্ণালংকারসহ সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। তাদের পরণের কাপড় ছাড়া অবশিষ্ট আর কিছুই নেই।

ইনাতগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ শামসুদ্দিন খাঁন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে যাই। আগুনে সম্পূর্ণ ঘরটি পুড়ে ছাই হয়ে গেছে।

নবীগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মকর্তা জাকির হোসেন জানান, খবর পেয়ে আমরা সাথে সাথেই ঘটনাস্থলে ছুটে আসি। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে থাকতে পারে বলে তিনি জানান।

Related Articles

Back to top button